Blog

  • ‘কৃষক কার্ডে’ মিলবে যেসব সুবিধা, জেনে নিন

    ‘কৃষক কার্ডে’ মিলবে যেসব সুবিধা, জেনে নিন

    দেশের কৃষি খাতে স্বচ্ছতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। প্রি-পাইলটিং কার্যক্রমে প্রথম ধাপে ২১ হাজার ১৪ জন কৃষক এই কার্ড পাচ্ছেন। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় আট বিভাগের ১১টি উপজেলার ১১টি ব্লকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য মোট আট কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

    আগামী ১ বৈশাখ এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    এই উদ্যোগের আওতায় প্রতিটি কৃষক পরিবার একটি করে কৃষক কার্ড পাবে। তবে নির্ধারিত শ্রেণির কৃষক—ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী, তাঁরা জনপ্রতি আড়াই হাজার টাকা হারে অনুদান পাবেন।

    এই অর্থ দিয়ে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ এবং মৎস্য ও গবাদি পশুর খাদ্য সংগ্রহ করা যাবে। শস্য উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষি ও প্রাণিসম্পদ খামারিরাও এ সুবিধার আওতায় থাকবেন।

    যে সুবিধা পাবেন কৃষকরা
    কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষক কার্ডের আওতায় একজন কৃষক প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে বীজ, সার ও কীটনাশক সংগ্রহ, সরাসরি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, সাশ্রয়ী সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ, প্রশিক্ষণ, আবহাওয়ার তথ্য এবং রোগবালাই দমন-সংক্রান্ত পরামর্শ।

    সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট, পস মেশিনে লেনদেন
    কৃষি মন্ত্রণালয় বলছে, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য একটি সমন্বিত আর্থিক কাঠামো গড়ে তোলা হচ্ছে, যাতে সরকারি সহায়তা সরাসরি প্রকৃত কৃষকের হাতে পৌঁছায় এবং নির্ধারিত খাতে ব্যয় নিশ্চিত হয়।

    সরকারি তথ্য মতে, প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় ১১টি ব্লকে ২১ হাজার ১৪ জন কৃষকের তালিকা করা হয়েছে। আগামী চার বছরে এক কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই তালিকায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক অন্তর্ভুক্ত হয়েছেন। পঞ্চগড় সদর, বগুড়ার শিবগঞ্জ, টাঙ্গাইল সদর, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃষকরা প্রাথমিকভাবে এ কার্ড পাচ্ছেন।

    কৃষি ভর্তুকি ও উপকরণ সহায়তা কর্মসূচির আওতায় ২১ হাজার ১৪ জন কৃষকের চূড়ান্ত তালিকা করা হলেও প্রাথমিক বাজেট প্রণয়নের সময় ২৫ হাজার কৃষককে বিবেচনায় নেওয়া হয়। সে অনুযায়ী এ খাতে ছয় কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

    এ ছাড়া অতিরিক্ত আরো দুই হাজার কৃষকের জন্য কার্ড প্রস্তুতের পরিকল্পনা রয়েছে। ২৭ হাজার কার্ড মুদ্রণের জন্য ৯৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহকারীদের সম্মানি বাবদ রাখা হয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা।

    মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান বলেন, প্রতিটি তালিকাভুক্ত কৃষকের জন্য সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার পাশাপাশি একটি ডেবিট কার্ড দেওয়া হবে। কার্ডে থাকা সরকারি সহায়তার অর্থ (যেমন আড়াই হাজার টাকা) কেবল নির্ধারিত ডিলারের পস মেশিনের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক কেনার জন্য ব্যবহার করা যাবে। এতে সহায়তার অর্থ অন্য খাতে ব্যয়ের সুযোগ থাকবে না এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।

    একই সঙ্গে কার্ডটি সাধারণ ডেবিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে। কৃষক নিজের অর্থ জমা রাখলে তা ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করতে পারবেন। ফলে গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার ঘটবে এবং সঞ্চয়ের প্রবণতা বাড়বে।

    এই ব্যবস্থায় বড় কৃষকদেরও অন্তর্ভুক্ত করা হবে। তাঁরা আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ে এই কার্ড ব্যবহার করতে পারবেন, যা কৃষির যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

  • আসছে ‘ফুয়েল কার্ড’, পাবেন যে সুবিধা

    আসছে ‘ফুয়েল কার্ড’, পাবেন যে সুবিধা

    জ্বালানি তেলের সংকট ও পেট্রোল পাম্পে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। এমন পরিস্থিতির সমাধানে সব গাড়ির জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর চিন্তাভাবনা করছে সরকার। এ জন্য কাজও শুরু করেছে জ্বালানি বিভাগ। 

    ওই বিভাগের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ শিগগির শেষ না হলে বাংলাদেশের মতো দেশকে অনেক খেসারত দিতে হবে। কারণ বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে আসবে এবং তেলের জন্য অনেক মূল্য দিতে হবে। সে অনুযায়ী বাংলাদেশ দাম বাড়াতে পারবে না।

    তাই তেলের অপচয় এবং মজুত রোধে ফুয়েল কার্ড চালুর বিকল্প নেই। সেই কার্ড দিয়ে মোটরসাইকেল, কার, ট্রাক বা বাস তার পরিবহণের চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ করতে পারবে। তবে এ জন্য থাকবে একটি কিউআর কোড। সেই কোড দিয়ে নির্দিষ্ট পাম্প থেকে তেল নেওয়া যাবে। তবে এটি চালু করতে সময় লাগবে।

    ফুয়েল কার্ড কি

    ফুয়েল কার্ড বা ফ্লিটকার্ড হলো- পেট্রোল, ডিজেল বা অন্যান্য জ্বালানি কেনার জন্য ব্যবহৃত একটি বিশেষ পেমেন্ট কার্ড, যা সাধারণত কোম্পানি বা গাড়ির মালিকরা ব্যবহার করে থাকেন। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কাজ করে এবং এর মাধ্যমে জ্বালানি খরচ ট্র্যাকিং, নিয়ন্ত্রণ এবং নগদবিহীন লেনদেনের সুবিধা পাওয়া যায়। 

    ফুয়েল কার্ডের মূল বৈশিষ্ট্য ও সুবিধা:

    সহজ পেমেন্ট

    এটি ব্যবহার করে চালকরা সহজেই ফিলিং স্টেশনে টাকা পরিশোধ করতে পারবেন এবং প্রতিটি লেনদেনের রেকর্ড রাখা যায়।

    খরচ নিয়ন্ত্রণ

    কোম্পানিগুলো এই কার্ডের মাধ্যমে জ্বালানি ক্রয়ের সীমা নির্ধারণ করে দিতে পারে। এটি ডিজিটালভাবে জ্বালানি ব্যবহারের বিস্তারিত রিপোর্ট প্রদান করে।

    নিরাপত্তা

    কার্ডটি সাধারণত একটি নির্দিষ্ট গাড়ি বা চালকের সঙ্গে যুক্ত থাকে, যা চুরি বা অপব্যবহার রোধ করে।

    সময়ের সাশ্রয়

    কাগজের রসিদ জমানোর ঝামেলা কমে এবং এককালীন চালান পাওয়ার ব্যবস্থা থাকে।

  • পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, যা জানা গেল

    পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, যা জানা গেল

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি প্রায় নাস্তানাবুদ হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়েছে তীব্র জ্বালানির সংকট। এ ছাড়া সরকারের রাজস্ব ঘাটতি রয়েছে।

    ফলে অর্থসংকটে রয়েছে সরকার। এ জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ধীরে চলো নীতি বেছে নিয়েছে সরকার। এ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

    অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পে স্কেলের জন্য বরাদ্দকৃত ৪০ হাজার কোটি টাকার একটি বড় অংশ ফ্যামিলি কার্ড ও জ্বালানি তেলের ভর্তুকিতে ব্যয় হয়েছে।

    ২০২৪ সালে গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় উদ্যোগ ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের সুপারিশ। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়। তবে নতুন সরকার গঠনের পর এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে বরাদ্দকৃত ৪০ হাজার কোটি টাকা অন্য খাতে ব্যয়ের খবরে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের মাঝে।

    এছাড়া, চলমান মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক উত্তেজনা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি এখন আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের দিকে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বেলা ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। এবারের প্রায় ৯ লাখ কোটি টাকার বিশাল এই বাজেটে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    বর্তমানে মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে সরকারের ওপর চরম অর্থনৈতিক চাপ রয়েছে।

    ফলে ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত নবম পে স্কেল একবারে বাস্তবায়ন করা কতখানি সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

    অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, সরকারি চাকরিজীবীদের এই নতুন বেতন কাঠামো এখনই পুরোপুরি দেওয়া সম্ভব নয়; বরং এটি ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে।

    এদিকে, দীর্ঘদিন নতুন পে স্কেল না হওয়া এবং সুপারিশ বাস্তবায়নে বিলম্বের কারণে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাপা অসন্তোষ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত সিদ্ধান্ত না এলে আন্দোলন বা অস্থিরতা তৈরি হতে পারে, যা প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি বৃদ্ধি করবে। আন্তর্জাতিক পরিস্থিতির চাপের মুখে নতুন করে অভ্যন্তরীণ এই আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরো জটিল রূপ নিতে পারে।

    গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্য নিয়ে বেতন কমিশন গঠিত হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়।

  • টানা এক মাস প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে কী পরিবর্তন ঘটে শ’রীরে, জেনে নিন

    টানা এক মাস প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে কী পরিবর্তন ঘটে শ’রীরে, জেনে নিন

    কিশমিশ বা শুকনো আঙুর আমাদের পরিচিত এক পুষ্টিকর খাবার। এটি প্রাকৃতিক মিষ্টি, ফাইবার ও নানা ধরনের পুষ্টি উপাদানে ভরপুর। অনেকে ক্ষীর, পায়েস, সেমাই বা বিরিয়ানিতে কিশমিশ ব্যবহার করেন। কেউ আবার সরাসরি খেতেও ভালোবাসেন। তবে শুকনো অবস্থায় খাওয়ার থেকে ভিজিয়ে খাওয়া হলে এর পুষ্টিগুণ ভালোভাবে শোষণ করতে পারে শরীর।

    আধুনিক পুষ্টিবিজ্ঞান ও আয়ুর্বেদ চিকিৎসা কিশমিশ খাওয়ার অভ্যাসকে ইতিবাচক হিসেবে দেখে। ভারতীয় একটি সংবাদমাধ্যম, এক মাস ভেজানো কিশমিশ খাওয়া হলে শরীরে কী কী ইতিবাচক পরিবর্তন হয়, তা তুলে ধরেছে। এ ব্যাপারে তাহলে জেনে নেয়া যাক।

    কেন ভেজানো কিশমিশ ভালো

    কিশমিশ ভিজিয়ে রাখলে এতে থাকা প্রাকৃতিক চিনির ঘনত্ব কিছুটা কমে যায়। পাশাপাশি এর খোসা নরম হয়ে ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান সহজে শরীরে শোষিত হয়। এতে হজম প্রক্রিয়া আরও মসৃণ হয় এবং পুষ্টি গ্রহণের হার বাড়ে।

    একমাসা টানা ভেজানো কিশমিশ খেলে কী পরবর্তন হয় শরীরে:

    হজম ক্ষমতা উন্নত হয়: কিশমিশে থাকা ডায়েটারি ফাইবার প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, অন্ত্রের গতি স্বাভাবিক থাকে এবং পেটের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে।

    রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে: কিশমিশ পটাশিয়ামের চমৎকার উৎস, যা রক্তনালী শিথিল করে ও শরীরে সোডিয়ামের প্রভাব নিয়ন্ত্রণে রাখে। একমাস নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে পারে।

    রক্তাল্পতা কমায়: কিশমিশে প্রচুর আয়রন ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এটি শরীরে হিমোগ্লোবিন বাড়ায় এবং রক্তাল্পতার কারণে সৃষ্ট ক্লান্তি ও দুর্বলতা কমায়।

    রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে ফ্রি র‌্যাডিকেল ক্ষতি থেকে রক্ষা করে। ফলে সংক্রমণ বা ঠান্ডা লাগার প্রবণতা কমে যায়।

    ত্বক ও লিভারের উপকারে আসে: ভেজানো কিশমিশের অ্যান্টি-অক্সিডেন্ট রক্ত পরিশোধনে সাহায্য করে। রক্ত পরিষ্কার থাকলে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা আসে, বলিরেখা কমে এবং লিভার ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে।

    খাওয়ার উপায়: প্রতিদিন রাতে ৮-১০টি কিশমিশ একটি ছোট পাত্রে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে কিশমিশগুলো চিবিয়ে খান এবং ভেজানো পানিটুকু পান করুন। তাতেই কার্যকরী ফল দেখতে পাবেন।

  • ব্রাজিলকে হারাল ফ্রান্স

    ব্রাজিলকে হারাল ফ্রান্স

    বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে হওয়া ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। পঞ্চম মিনিটে ভালো সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন রাফিনহা। তবে ধীরে ধীরে বলের দখল ও আক্রমণে প্রাধান্য নিতে শুরু করে ফ্রান্স।

    খেলার ৩২ মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

    প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। তবে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায় না তারা। এই আক্রমণের মাঝেই ৫৫তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েজলিকে ফাউলের জন্য প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখানো হয় ডায়ট উপামেকানোকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স।

    ম্যাচের ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। মাইকেল ওলিসের চমৎকার থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন একিটিকে।

    ৭৮তম মিনিটে ব্যবধান কমায় ব্রাজিল। ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে ক্যাসিমিরোর বল কাটব্যাক করলে শট নেন লুইস এইহিক, আর মাঝপথে দিক পরিবর্তন করে বল জালে পাঠান ব্রেমার।

    শেষদিকে একের পর এক আক্রমণে ফ্রান্সকে চাপে রাখে ব্রাজিল, কিন্তু সমতায় ফিরতে পারেনি।

  • দুই দিন ম্যানেজ করলেই এপ্রিলে টানা ৫ দিনের ছুটি

    দুই দিন ম্যানেজ করলেই এপ্রিলে টানা ৫ দিনের ছুটি

    ঈদুল ফিতরের লম্বা ছুটি কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফেরার মাঝেই সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ এক সুখবর অপেক্ষা করছে। একটু বুদ্ধি খাটিয়ে মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই এপ্রিলে টানা পাঁচ দিনের একটি মিনি ভ্যাকেশন উপভোগ করার সুযোগ তৈরি হচ্ছে। 

    আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর ঠিক পরেই বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল যদি ছুটি নেওয়া সম্ভব হয়, তবেই কেল্লাফতে! কারণ এর পরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক নিয়মিত ছুটি। অর্থাৎ মঙ্গল থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন পরিবার বা প্রিয়জনদের সাথে সময় কাটানোর মোক্ষম এক সুযোগ মিলছে এই এপ্রিলেই।

    যারা ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যেতে পারেননি, তারা এখনই এই সুযোগটি কাজে লাগানোর পরিকল্পনা সেরে ফেলতে পারেন।

  • পে স্কেলের নতুন ভরসা ১১ জুন

    পে স্কেলের নতুন ভরসা ১১ জুন

    ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় উদ্যোগ ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের সুপারিশ। তবে নতুন সরকার গঠনের পর এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    এর মধ্যেই বরাদ্দকৃত ৪০ হাজার কোটি টাকা অন্য খাতে ব্যয়ের খবরে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের মাঝে। চলমান ইরান সংকট ও বৈশ্বিক উত্তেজনা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

    তবে সব অনিশ্চয়তা ছাপিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আশার চোখ এখন আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের দিকে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ করা হবে। প্রায় ৯ লাখ কোটি টাকার এই বিশাল বাজেটে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এই বাজেটে বহুল প্রতীক্ষিত পে স্কেলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে কি না, তা নিয়ে দ্বিধায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

    দীর্ঘদিন নতুন পে স্কেল না হওয়া এবং সুপারিশ বাস্তবায়নে বিলম্বের কারণে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাপা অসন্তোষ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত সিদ্ধান্ত না এলে আন্দোলন বা অস্থিরতা তৈরি হতে পারে, যা প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি বাড়াবে। আন্তর্জাতিক পরিস্থিতির চাপের মুখে নতুন করে অভ্যন্তরীণ এই আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরো জটিল রূপ নিতে পারে।

    অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পে-স্কেলের জন্য বরাদ্দকৃত ৪০ হাজার কোটি টাকার একটি বড় অংশ ফ্যামিলি কার্ড ও জ্বালানি তেলের ভর্তুকিতে ব্যয় হয়েছে।

    বর্তমানে মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে সরকারের ওপর চরম অর্থনৈতিক চাপ রয়েছে। ফলে ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত নবম পে স্কেল একবারে বাস্তবায়ন করা কতখানি সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

    অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, সরকারি চাকরিজীবীদের এই নতুন বেতন কাঠামো এখনই পুরোপুরি দেওয়া সম্ভব নয়; বরং এটি ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকার পে স্কেল ইস্যুটি রিভিউ করার ঘোষণাও দিয়েছে।

  • এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

    এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

    ঈদুল ফিতরের লম্বা ছুটি কাটিয়ে মাত্রই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা। তবে ছুটির আমেজ কাটতে না কাটতেই এপ্রিল মাসে আবারও টানা ৫ দিনের ছুটি পাওয়ার একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে। মাত্র দুই দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই এই লম্বা ছুটির সুযোগ নিতে পারবেন কর্মজীবীরা।

    সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে।

    এরপরের দুই দিন, অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল (বুধ ও বৃহস্পতিবার) অফিস-আদালত খোলা। তবে কোনো চাকরিজীবী যদি এই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারেন, তবে তার সঙ্গে যুক্ত হবে পরের শুক্র ও শনিবারের (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি।

    ফলস্বরূপ, ১৪ এপ্রিল মঙ্গলবার থেকে ১৮ এপ্রিল শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির আমেজে কাটাতে পারবেন চাকরিজীবীরা।

  • বাবা-মায়ের বর্ণনায় একমাত্র সন্তানের পদ্মায় ত’লিয়ে যাওয়ার হৃদয়বিদারক দৃশ্য

    বাবা-মায়ের বর্ণনায় একমাত্র সন্তানের পদ্মায় ত’লিয়ে যাওয়ার হৃদয়বিদারক দৃশ্য

    পদ্মাপাড়ে প্রিয়জনের লাশের অপেক্ষায় স্বজনদের ভিড় ক্রমেই বাড়ছে। তাদের আহাজারিতে ঘাট এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতি বিরাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া দেলোয়ার হোসেন ও নুরনাহার তাদের একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায়। বলছিলেন সেদিন কি ঘটেছিল।

    বাসের পেছনের দ্বিতীয় সারিতে জানালার পাশে বসে ছিলেন নুরনাহার। পাশে বসা স্বামী দেলোয়ার হোসেনের কোলে ছিল তিন বছরের একমাত্র ছেলে ইসরাফিল হোসেন। বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেলে পেছনের যাত্রীরা ধাক্কা লেগে সামনের দিকে চলে যান। কয়েক সেকেন্ড পর বাস তলিয়ে যেতে থাকে। মুহূর্তেই বাবার হাত থেকে ছিটকে তলিয়ে যায় ইসরাফিল।

    আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার সন্তোষপুর গ্রামে নিজ বাড়িতে আহাজারি করতে করতে এভাবেই একমাত্র ছেলেকে হারানোর কথা বলছিলেন নুরনাহার।

    নুরনাহারের বাবার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। স্বামী দেলোয়ার ঢাকায় একটি প্রতিষ্ঠানে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেন। ঈদের ছুটি শেষে পাংশা বাসস্ট্যান্ড থেকে তাঁরা ঢাকায় ফিরছিলেন।একমাত্র ছেলেসন্তানকে হারিয়ে পাগলপ্রায় নুরনাহার। বাসডুবির কিছুক্ষণ পর তিনি ভেসে ওঠেন। কীভাবে বের হয়েছেন জানেন না। ওই সময়ের বর্ণনা দিয়ে নুরনাহার বলেন, ‘বাস তলিয়ে যাওয়ার সময় সবাই বাসের ভেতর ঘুরতে থাকে। কখন কীভাবে বের হয়েছি কিছুই মনে নাই। শুধু কানে চিৎকার শুনতে পেয়েছি। ভেসে ওঠার পর কয়েকজন আমাকে একটা দড়ির সাহায্যে টেনে তোলে। উঠে নৌকার ওপর স্বামীকে দেখতে পাই। কিন্তু ছেলেকে খুঁজে পাইনি।’

    দেলোয়ার হোসেন বলেন, ‘ছেলে আমার হাত ধরে ছিল। বাসে পানি ঢুকে গেলে সবাই ঘুরতে ঘুরতে তলিয়ে যেতে থাকে। একপর্যায়ে ছেলে হাত থেকে ছিটকে যায়। ছেলে চিৎকার দিয়ে ডাকে। এরপর কিছু মনে নাই। আমি কীভাবে ভেসে উঠছি তা আল্লাহ জানেন। উঠে দেখি পাশে ছোট নৌকা। অন্য লোকজন তাতে টেনে তোলে।’

    উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি ওপরে তোলা হয়। ঢাকা অভিমুখে যাওয়া ওই বাসটিতে ৪০ থেকে ৫৫ জনের মতো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। 

  • ‘মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়, উপরে এসে মাকে খুঁজে পাচ্ছি না’

    ‘মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়, উপরে এসে মাকে খুঁজে পাচ্ছি না’

    আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। আমি মায়ের কোলে বসে ছিলাম। বাস হঠাৎ পদ্মা নদীর দিকে পড়ে যাচ্ছিল। নদীতে যখন পড়ে যায়, মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। কথাগুলো বলছিল পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে মায়ের কারণে বেঁচে ফেরা আট বছর বয়সী আলিফ।

    বুধবার (২৫ মার্চ) ঈদের ছুটি শেষে মায়ের সঙ্গে সে ঢাকায় ফিরছিল। আলিফের নানি সাহেদা বেগম জানান, তার মেয়ে জ্যোৎস্না বেগম (৩৫) ঢাকার বাইপাইল এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাছোঘাটা এলাকায়।

    জ্যোৎস্নাকে আমি রাজবাড়ী বড়পুল থেকে বাসে তুলে দিয়েছিলাম। বাড়ি গিয়ে তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তখন জ্যোৎস্না আমাকে বলে, “আম্মা বাস পদ্মায় পড়ে যাচ্ছে”। এরপর আর কোনো কথা শুনিনি।  আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতে নদীর মধ্যে চলে গেলো’। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ১১ যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এর আগে বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে, ওই বাসে মোট কতজন ছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।