Blog

  • এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

    এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

    জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।

    শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

    রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব।

    এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সাথে। আসেন আমরা একসাথে কাজ করি।

    আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি।

    এটা নিয়ে কথা বাড়াইনি।’

    এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে’ সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

  • নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

    নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এর মধ্যে প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি)  সভায় তা অনুমোদন লাভ করেছে বলেও জানান তিনি।

    সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। এ খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। 

    সংশ্লিষ্ট সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা ঘোষণার ব্যাপারে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সরকারি আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় কার্যক্রম শুরু করেনি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মোকামতলা উপজেলা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

    মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া সিটি করেপোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলাকে নতুন উপজেলা ঘোষণাসহ আট প্রস্তাব অনুমোদনের জন্য গত ১২ এপ্রিল প্রাক-নিকার সচিব কমিটির সভা হয়। সেখানে মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

    বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা হতে পারে দেড় লাখের মতো।

    এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি বলেন, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি কর্পোরেশনের সঙ্গে মোকামতলা উপজেলা অনুমোদন হয়েছে। মোকামতলা উপজেলা কমপ্লেক্স ভবন কোথায় হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সবাইকে সঙ্গে নিয়ে বসে স্থান নির্ধারণ করবেন বলে জানান।

    এর আগে ২৩ ফেব্রুয়ারি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আবেদন করেন। এটি বাস্তবায়ন হলে বগুড়া-২ আসনটি শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে।

  • সংরক্ষিত নারী আসনে জা’মায়াতের তালিকা চূড়ান্ত

    সংরক্ষিত নারী আসনে জা’মায়াতের তালিকা চূড়ান্ত

    ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১৩টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট। জামায়াত জোট থেকে এনসিপি একটি নারী আসন পাবে। তবে দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি দুটি আসন দাবি করছে জোটের কাছে।

    দলের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে তালিকা চূড়ান্ত করা হয়েছে।

    আজ শুক্রবার জামায়াতের এক সহকারী সেক্রেটারি এ তথ্য জানান গণমাধ্যমে।

    জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, ‘আমাদের নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের নাম জানানো হবে। এনসিপি একটি আসন পাচ্ছে, আনুপাতিক হারে আরো একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আলোচনা চলছে।

    আনুষ্ঠানিকভাবে সোমবার (২০ এপ্রিল) তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

    আলোচনায় যাদের নাম

    মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নিছা নিলু।

    এ ছাড়া চট্টগ্রাম অঞ্চল থেকে মেরিনা সুলতানা, সিলেট অঞ্চলের মাহফুজা খানম। বগুড়া অঞ্চলের সাজেদা সামাদ, প্রকৌশলী মারদিয়া মমতাজ।

    আরো আছেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান ও এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু।

  • শিরীন শারমিনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ? যা বললেন গোলাম মাওলা রনি

    শিরীন শারমিনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ? যা বললেন গোলাম মাওলা রনি

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিনে ছেড়ে দেওয়ার পর তাকে দিয়ে নতুন আওয়ামী লীগ খোলার কথা কেউ কেউ বলছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তবে তিনি মনে করেন, এই পরিকল্পনা ফেইল করবে।

    গোলাম মাওলা রনি বলেন, শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে লোকজন বলল, সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এ সরকার পারে না। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে।

    তারা তাদের পছন্দমতো একটা নতুন আওয়ামী লীগ খুলতে চাচ্ছে। পুরোনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে।

    যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য। এখন তৃণমূল আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ করার জন্য শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে।

    সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।

    তবে তিনি মনে করেন এই নতুন আওয়ামী লীগ সৃষ্টির চেষ্টা ফেইল করবে। গোলাম মাওলা রনি বলেন, ‘শিরীন শারমিন চৌধুরী বা তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। শিরীন শারমিনকে নিয়ে যারা চেষ্টা করছেন, তারা ফেইল করবেন।

  • এপ্রিল ও মে মাসের জ্বা’লানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    এপ্রিল ও মে মাসের জ্বা’লানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানি পূর্ণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

    প্রতিমন্ত্রী জানান,  এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ মজুদ রয়েছে। বর্তমানে জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার চেষ্টা চলছে।

    জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

    পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে।

    পরিশোধিত জ্বালানি তেল সরবরাহও বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

  • বাড়ল বাৎসরিক ছুটি

    বাড়ল বাৎসরিক ছুটি

    ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এই দিনটিকে ‘ক-শ্রেণি’ ভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বৈঠক শেষে রাত ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

    ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে পূর্বের ন্যায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি বলেন, ‘বিগত ১৬ বছর এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এখন থেকে এটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং এ দিন সরকারি ছুটি থাকবে।’

  • শরীরে যেসব স’মস্যা থাকলে গরম বেশি লাগে, জেনে নিন উপকারে আসবে

    শরীরে যেসব স’মস্যা থাকলে গরম বেশি লাগে, জেনে নিন উপকারে আসবে

    একই তাপমাত্রা কারও কাছে স্বাভাবিক মনে হলেও, অন্য কেউ গরমে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন—ঘাম, মাথা ঘোরা কিংবা অস্বস্তি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আবহাওয়া নয়; শরীরের ভেতরের কিছু স্বাস্থ্যগত কারণও গরম সহ্য করার সক্ষমতাকে প্রভাবিত করে।

    শরীর স্বাভাবিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে গরম বেশি অনুভূত হয়। এমন কয়েকটি গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থা নিচে তুলে ধরা হলো—

    থাইরয়েডের সমস্যা:

    বিশেষ করে হাইপারথাইরয়েডিজমে মেটাবলিজম বেড়ে যায়। এতে শরীরে অতিরিক্ত তাপ তৈরি হয়, ফলে বেশি গরম লাগে এবং ঘামও বাড়ে।

    ডায়াবেটিস:

    রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে স্নায়ু ও ঘামগ্রন্থির কার্যকারিতা কমে যায়। ফলে শরীর ঠিকভাবে ঘাম ঝরাতে পারে না এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হয়।

    হৃদরোগ ও উচ্চ রক্তচাপ:

    এই অবস্থায় রক্তসঞ্চালন স্বাভাবিক না থাকায় শরীরের তাপ ছড়িয়ে পড়তে বাধা পায়। এতে গরমে অস্বস্তি বাড়ে।

    অতিরিক্ত ওজন:

    শরীরে জমে থাকা চর্বি তাপ ধরে রাখে। ফলে শরীর সহজে ঠান্ডা হতে পারে না এবং দ্রুত ক্লান্তি দেখা দেয়।

    রক্তস্বল্পতা:

    অ্যানিমিয়ার কারণে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। এতে দুর্বলতা, মাথা ঘোরা ও গরমে অস্বস্তি বেশি হয়।

    হরমোনজনিত পরিবর্তন:

    নারীদের মেনোপজের সময় ‘হট ফ্ল্যাশ’ বা হঠাৎ গরম লাগা সাধারণ ঘটনা। এছাড়া গর্ভাবস্থা বা মাসিক চক্রের সময়ও হরমোনের ওঠানামায় তাপমাত্রা সহনশীলতা কমে যেতে পারে।

    পানিশূন্যতা:

    শরীরে পর্যাপ্ত পানি না থাকলে ঘাম কম হয়। এতে শরীরের স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

    কিছু ওষুধের প্রভাব:

    কিছু ওষুধ শরীর থেকে পানি কমিয়ে দেয় বা তাপ সহনশীলতা কমায়, ফলে গরমে ঝুঁকি বাড়ে।

    গরমে এসব সমস্যায় আক্রান্তদের বাড়তি সতর্কতা জরুরি। পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা, ঢিলেঢালা পোশাক পরা এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

    তবে গরমে অস্বাভাবিক দুর্বলতা, মাথা ঘোরা বা অতিরিক্ত ঘাম হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। সচেতন থাকলে তীব্র গরমেও অনেকটাই ঝুঁকিমুক্ত থাকা সম্ভব।

  • নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি

    নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি

    প্রতিবছর ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।

    বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হবে। তবে এদিন সরকারি ছুটি থাকবে না।

    এ ছাড়া ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ছুটি হিসেবে দিনটি পালিত হবে।

    বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার।

    এর জন্য একটি কমিটি করা হয়েছে।

    এ সময় সরকার মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বর্তমান জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।

    এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • প্রা’ণ বাঁ’চাতে ৮ তলায় উঠেন কলেজছাত্র, সেখান থেকে ফেলা হয় লিফটের গ’র্তে

    প্রা’ণ বাঁ’চাতে ৮ তলায় উঠেন কলেজছাত্র, সেখান থেকে ফেলা হয় লিফটের গ’র্তে

    কলেজছাত্র আশফাক কবির সাজিদকে (১৭) মারধরের পর ভবনের আটতলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় গত মঙ্গলবার চকবাজার থানায় মামলা করেছেন নিহতের বাবা আবুল হাশেম সিকদার। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ভবনটির নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে।

    নিহত আশফাক কবির নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। সে বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি বাসায় ভাড়া থাকত।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকার মোড়ে ডেকে নেয়। সেখানে কথা বলার সময় আইমন, অনিক, রানা মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল তরুণ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আশফাককে জোর করে নিয়ে যান।

    একপর্যায়ে ওই তরুণদের হাত থেকে বাঁচতে আশফাক কৌশলে কাছের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে ভেতর থেকে গেট বন্ধ করে দেয় এবং দৌড়ে আটতলায় উঠে যায়; কিন্তু হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে হামলাকারীরা ওপর তলায় উঠে আশফাককে মারধর করে। একপর্যায়ে তাকে আটতলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়।

    নিহত আশফাকের বাবা আবুল হাশেম সিকদার বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। কেন তাকে হত্যা করা হলো, সেটি দ্রুত তদন্ত করে বের করতে হবে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

    গুরুতর আহত অবস্থায় আশফাককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

    চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

  • খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

    খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

    প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। 

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। 

    এর আগে, বিকেল ৪টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা, জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন। 

    এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া, ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    খালেদা জিয়া ছাড়াও স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত অন্য ১৪ ব্যক্তি হলেন, মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফ (হানিফ সংকেত), বিশিষ্ট সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

    এছাড়া, স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত পাঁচ প্রতিষ্ঠান হলো, মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

    স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।