ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, ২৩ মের ছুটি বাতিল

ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকছে। তবে এর আগে ২৩ মের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ২৩ মে (শনিবার) অফিসগুলো খোলা থাকবে। ২৪ মে (রোববার) ঈদুল আজহার আগে শেষ অফিস।

 

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন।

 
 

জানা যায়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌসের স্বাক্ষর করা এ প্রজ্ঞাপন এরইমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে পাঠানো হয়েছে। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *