Author: Kolome71

  • এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কতদিনে, জানালেন শিক্ষামন্ত্রী

    এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কতদিনে, জানালেন শিক্ষামন্ত্রী

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


    সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে এবং কোনোভাবে পরীক্ষার ক্ষতিসাধন করার চেষ্টা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

     

    এবার খাতা মুল্যায়নে মানবিক নম্বর দেয়ার নির্দেশনা নেই, উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন হবে বলে জানান তিনি।

    আনন্দমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে এবং ৬০ দিনের মধ্যে ফলাফল দেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।

     

    মন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

  • শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন

    শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধীনে এখন থেকে শিক্ষক নিয়োগে আগের মতো আলাদা নিবন্ধন সনদ পরীক্ষার প্রয়োজন হবে না। চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    প্রার্থীরা ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করবেন এবং এরপর বহুনির্বাচনি (এমসিকিউ) ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এই দুই ধাপে উত্তীর্ণ হলেই সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

    এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রথমবারের মতো এবার সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে। এখন তা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে। কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, সুনির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব নয়। তবে আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

    এনটিআরসিএ সূত্র জানায়, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদ যাচাই-বাছাই শেষে বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে। এরপর তা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। অনুমোদন পেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের পর ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এর পর প্রকাশ করা হবে চূড়ান্ত ফল। দুই পরীক্ষায় পাস করতে প্রার্থীকে পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

    নতুন এ পদ্ধতিতে যেসব প্রার্থী নিয়োগের জন্য চূড়ান্ত হবেন, শুধু তাদের এনটিআরসিএ থেকে শিক্ষক পদে নিয়োগের একটি সনদ প্রদান করা হবে।

    বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯। এসব প্রতিষ্ঠানে পাঁচ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক ও দুই লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

    সূত্র: কালের কণ্ঠ

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

    মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

    রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন।

    সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

    এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    দলীয় সূত্র জানায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

    এর মধ্যে প্রায় ৯০০ জন তাদের মনোনয়ন ফরম জমা দেন।

  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

    জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

    বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাসের গণনা শুরু হতে যাছে।

    ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

    ঈদুল আজহা
    ২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

    এদিকে জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৯ মে।

    তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

  • ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা

    ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

    রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

    এর আগে সর্বশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওই দিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮।

    অর্থাৎ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়ল।

    উল্লেখ্য, গত রাতে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ওই রেশ কাটতে না কাটতে এবার ভোক্তা পর্যায়ে বাড়ল এলপি গ্যাসের মূল্য। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • দেশে বাড়ল জ্বা’লানি তেলের দাম

    দেশে বাড়ল জ্বা’লানি তেলের দাম

    বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।

    নতুন নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

    মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম হবে- অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

    এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ ও অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামে বিক্রি হয়েছে জ্বালানি তেল।

     

    এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।

  • হাজার ধ’র্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

    হাজার ধ’র্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

    শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মী এবং শূন্য পদসমূহে বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। 

    শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন। বর্তমান সরকারের দুই মাস পূর্ণ হওয়ায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরা হয়।

    প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে; উপজেলা পর্যায়ে ৬টি খেলায় ৩ জন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে।

    মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠের সংস্থান করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে।’

    তিনি বলেন, আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’, প্রথমবারের মতো সংযুক্ত হচ্ছে ক্রীড়া ও কোরআন তিলাওয়াত। জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ এবং দেশব্যাপী বইপড়াকে উৎসাহিত করার জন্য বেসরকারি খাতের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    ড. মাহদী আমীন বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়নের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লার্নিং উইথ হ্যাপীনেস, কারিগরি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি যুক্ত করে শিক্ষাক্রমকে সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

    তিনি বলেন, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ ছাড়া স্পোর্টস কার্ড ও স্পোর্টস অ্যালাউন্স কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হচ্ছে।

  • রাজধানীর বাইকারদের জন্য সুখবর

    রাজধানীর বাইকারদের জন্য সুখবর

    দেশে জ্বালানি সরবরাহব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ কার্যক্রম বাড়িয়েছে সরকার। এতে পাম্পে জ্বালানি তেল নিতে বাইকারদের ভোগান্তি দূর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ভেরিফায়েড ফেসবুক পেজে ফুয়েল পাস কার্যক্রম বিস্তার সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

    পোস্টে বলা হয়, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।

    পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

    ফুয়েল পাসে যেসব পাম্পে তেল পাওয়া যাবে সেগুলো হলো–শ্যামলীর করিম অ্যান্ড সন্স, মিরপুর-১-এর ইস্টার্ন এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর-১০-এর মেসার্স রহমান ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের মেসার্স করিম অ্যান্ড ব্রাদার্স, মহাখালীর মেসার্স রশিদ ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের বিআরবি ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন, মিরপুরের হামিদ ফিলিং স্টেশন এবং মিরপুর কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশন।

    এর আগে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে গত রবিবার (১৩ এপ্রিল) থেকে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। পাম্পগুলো হলো–তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

    এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে। শুরুতে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার চালু করা হয়েছিল।

  • এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

    এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

    জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।

    শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

    রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব।

    এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সাথে। আসেন আমরা একসাথে কাজ করি।

    আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি।

    এটা নিয়ে কথা বাড়াইনি।’

    এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে’ সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

  • নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

    নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এর মধ্যে প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি)  সভায় তা অনুমোদন লাভ করেছে বলেও জানান তিনি।

    সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। এ খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। 

    সংশ্লিষ্ট সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা ঘোষণার ব্যাপারে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সরকারি আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় কার্যক্রম শুরু করেনি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মোকামতলা উপজেলা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

    মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া সিটি করেপোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলাকে নতুন উপজেলা ঘোষণাসহ আট প্রস্তাব অনুমোদনের জন্য গত ১২ এপ্রিল প্রাক-নিকার সচিব কমিটির সভা হয়। সেখানে মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

    বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা হতে পারে দেড় লাখের মতো।

    এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি বলেন, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি কর্পোরেশনের সঙ্গে মোকামতলা উপজেলা অনুমোদন হয়েছে। মোকামতলা উপজেলা কমপ্লেক্স ভবন কোথায় হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সবাইকে সঙ্গে নিয়ে বসে স্থান নির্ধারণ করবেন বলে জানান।

    এর আগে ২৩ ফেব্রুয়ারি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আবেদন করেন। এটি বাস্তবায়ন হলে বগুড়া-২ আসনটি শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে।