ভোজিনহার আক্ষেপের অবসান, বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মা

স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে উঠে আসেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখার পেছনে বড় ভূমিকা রাখা এই অভিজ্ঞ গোলরক্ষকের ব্যক্তিগত একটি আক্ষেপও তখন আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত সেই আক্ষেপের অবসান হয়েছে। বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন তার মা আনা কান্দিদা এভোরা।

৪০ বছর বয়সি ভোজিনহা বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখান। স্পেনের বিপক্ষে তিনি সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন। ম্যাচ শেষে তাকে ম্যাচসেরার পুরস্কারও দেওয়া হয়।

তবে ব্যক্তিগত সাফল্যের আনন্দের মাঝেও আবেগাপ্লুত হয়ে পড়েন ভোজিনহা। সংবাদমাধ্যমকে তিনি জানান, অর্থনৈতিক ও ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে মাঠে বসে তার খেলা দেখতে পারেননি। মায়ের অনুপস্থিতি তাকে কষ্ট দিচ্ছে বলেও জানান তিনি। 

ভোজিনহার সেই আবেগঘন বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেরও। পরে প্রাইয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভিসা বিভাগ আনা কান্দিদা এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এভোরার যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমোদন নিশ্চিত করা হয়েছে। ফলে এবার বিশ্বকাপের মঞ্চে ছেলের খেলা সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ পাচ্ছেন তিনি। ভোজিনহার জন্য এটি বিশ্বকাপের সবচেয়ে আনন্দের খবরগুলোর একটি হয়ে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *