২০২৬ বিশ্বকাপ অভিযান ভালোভাবে শুরু করতে পারেনি ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে তারা ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ব্রাজিল। ২১ মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে দলটি। পরে ভিনিসিউস জুনিয়র দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতা ফেরান। তবে প্রথমার্ধে ব্রাজিলকে বেশ অগোছালো ও চাপের মধ্যে খেলতে দেখা যায়।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, শুরুটা ভালো ছিল না। তার ভাষায়, দল কিছুটা নার্ভাস ছিল এবং অনেক বল হারিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ডুয়েলেও পিছিয়ে ছিল ব্রাজিল। তিনি স্বীকার করেন, প্রথমার্ধে দল ভালো খেলতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয়েছে।
তবে ফল নিয়ে পুরোপুরি হতাশ নন এই অভিজ্ঞ কোচ। তার মতে, মরক্কো শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় ম্যাচটি সহজ ছিল না। তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময় কঠিন হয়। এখানে কেউই টুর্নামেন্ট জেতে না। ফল খুব খারাপ নয়, তবে উন্নতি দরকার।’
পরবর্তী ম্যাচে হাইতির বিপক্ষে আরও ভালো পারফরম্যান্সের আশা করছেন আনচেলত্তি। তিনি জানান, দলের ভেতর থেকেই সমস্যা খুঁজে সমাধান করতে হবে এবং ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।
ভিনিসিউস জুনিয়রের পারফরম্যান্সে সন্তোষও প্রকাশ করেন ব্রাজিল কোচ। তার মতে, তিনি ম্যাচে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় ছিলেন এবং বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

Leave a Reply