পেঁয়াজে কা’লো দা’গ থাকলে কি ফেলে দেবেন নাকি খা’ওয়া নি’রাপদ?   জেনে নিন

রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে হঠাৎ কালো কালো দাগ চোখে পড়েছে? অনেকেই সেটিকে ময়লা ভেবে ভালো করে ধুয়ে নেন। কেউ আবার আক্রান্ত অংশটুকু কেটে ফেলে বাকি পেঁয়াজ রান্নায় ব্যবহার করেন। কিন্তু সব কালো দাগ ময়লা নয় কখনো এগুলো হতে পারে ছত্রাকের লক্ষণ। আর তখন শুধু দাগের অংশ কেটে ফেলে দিলেই পেঁয়াজ নিরাপদ হয়ে যায় না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে পেঁয়াজের কালো দাগের কারণ এবং এমন পেঁয়াজ খাওয়া কতটা নিরাপদ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পেঁয়াজে কালো দাগ 

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন পরিষেবা (ইউএসডিএ-এফএসআইএস) জানিয়েছে, খাবারে দেখা দেয়া মোল্ড বা ছত্রাক হলো অতি ক্ষুদ্র ছত্রাকজাত জীব, যা উদ্ভিদ বা প্রাণিজ উপাদানের ওপর জন্মাতে পারে। 

পেঁয়াজের গায়ে যে কালো আবরণ বা দাগ দেখা যায়, সেগুলো অনেক ক্ষেত্রেই ছত্রাকের বৃদ্ধি থেকে তৈরি হয়। ছত্রাকের গঠন অনেকটা সূক্ষ্ম সুতার মতো। এগুলো থেকে স্পোর বা অতি ক্ষুদ্র কণা তৈরি হয়, যা বাতাস, পানি কিংবা পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। ফলে বাইরে থেকে পেঁয়াজের গায়ে যতটুকু কালো দাগ দেখা যাচ্ছে, ছত্রাকের বৃদ্ধি সবসময় শুধু ওই জায়গাতেই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়।

অনেকেই পেঁয়াজের কালো অংশ কেটে ফেলে বাকি অংশ রান্না করে খান। কিন্তু ছত্রাকের সূক্ষ্ম, শিকড়ের মতো গঠন খাবারের ভেতরেও প্রবেশ করতে পারে। অনেক সময় এই অংশ খালি চোখে দেখা যায় না। তাই পেঁয়াজে যদি ছত্রাকের আক্রমণ বেশি ছড়িয়ে গেলে শুধু ওপরের কালো অংশ ঘষে বা কেটে ফেলে বাকি অংশ খাওয়া নিরাপদ নয়।

ছত্রাকযুক্ত পেঁয়াজ কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

ইউএসডিএ-এফএসআইএসের সতর্কতা অনুযায়ী, পেঁয়াজে ছত্রাকের বৃদ্ধি যদি ব্যাপক ও বিস্তৃত হয়, তাহলে সেটি পরিষ্কার করে খাওয়ার চেষ্টা না করে ফেলে দেয়াই ভালো। কারণ ছত্রাকের স্পোর কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে ছত্রাকযুক্ত পেঁয়াজ নাকের কাছে নিয়ে গন্ধ শোঁকা থেকেও বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। এতে বাতাসের সঙ্গে ছত্রাকের স্পোর শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকতে পারে।

পেঁয়াজ সাধারণত দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তবে উষ্ণ ও আর্দ্র পরিবেশে রাখলে ছত্রাক জন্মানোর ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই পেঁয়াজ রাখার জায়গাটি পরিষ্কার, শুকনো ও পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন হওয়া ভালো। একটি পেঁয়াজে ছত্রাক দেখা দিলে আশপাশে থাকা অন্য পেঁয়াজ ও খাদ্যসামগ্রীও পরীক্ষা করে দেখা উচিত। কারণ অনেক সময় পেঁয়াজ লেগে বাকি জিনিসেরও ক্ষতি হয়। 

অর্থাৎ, পেঁয়াজের গায়ে কালো দাগ দেখলেই সেটিকে সাধারণ ময়লা ধরে নেওয়া ঠিক নয়। দাগটি যদি ছত্রাকের কারণে হয়ে থাকে এবং তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে ঝুঁকি না নিয়ে পেঁয়াজটি ফেলে দেয়াই নিরাপদ সিদ্ধান্ত।
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *