বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে হলেও নিজের নামকে সবার ওপরে রাখতে রাজি নন তিনি। এক সংবাদ সম্মেলনে ফ্রান্স অধিনায়ক স্পষ্টভাবে জানিয়েছেন, তার কাছে এখনও ফুটবলের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে এমবাপ্পে নিজের নাম আলোচনার বাইরে রেখে মেসি ও রোনালদোর প্রশংসা করেন। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াই কিংবা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়েও খুব বেশি আগ্রহ দেখাননি তিনি।
তার মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে ফ্রান্সকে আরেকটি বিশ্বকাপ জেতানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘মেসিই সেরা খেলোয়াড়, পাশাপাশি রোনালদোও। বিষয়টি একেবারে পরিষ্কার। আমি শুধু আমার দলকে আরেকটি বিশ্বকাপ জিততে সাহায্য করতে চাই। বাকিটা সাংবাদিকদের আলোচনার বিষয়। এই মুহূর্তে আমি হালান্ডকে নিয়ে ভাবছি না। হয়তো তারা আমাদের নিয়ে ভাবছে, কিন্তু আমি ভাবছি ইরাক ম্যাচ নিয়ে।’
মেসির দীর্ঘ ক্যারিয়ার ও ধারাবাহিকতা নিয়েও কথা বলেন ফরাসি অধিনায়ক। তিনি বলেন, মেসি যা করে দেখিয়েছেন তা অসাধারণ। তবে এসব তুলনা ও বিতর্ক নিয়ে তিনি মাথা ঘামান না। তার একমাত্র লক্ষ্য বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা।
এক প্রশ্নের জবাবে এমবাপ্পে মজার ছলে বলেন, ৪০ বছর বয়স পর্যন্ত খেলার কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, ‘আমি ৪০ বছর বয়সে এখানে থাকব না। তার আগেই আমাকে বের করে দেওয়া হবে। আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি না, বর্তমান সময়টাকেই উপভোগ করতে চাই।’
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন এমবাপ্পে। তিনি বলেন, এমন অর্জন অবশ্যই আনন্দের, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে জিততে সাহায্য করা। মেসিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি জানতাম লিও গোল করবে, কারণ তিনি সব সময়ই গোল করেন। আমি তার পেছনে আছি, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপ জেতা।’
ব্যক্তিগত অর্জনের বাইরে আধুনিক ফুটবলের কৌশলগত পরিবর্তন নিয়েও কথা বলেন এমবাপ্পে। তার মতে, যে দল জেতে, তারাই ফুটবলের নতুন ধারা তৈরি করে। একসময় বার্সেলোনার বল দখলভিত্তিক ফুটবল অনুসরণ করা হতো, পরে রিয়াল মাদ্রিদের ধারা এসেছে, আর এখন অনেকেই পিএসজির কাউন্টার-প্রেসিং কৌশল অনুসরণ করছে। তবে আন্তর্জাতিক ফুটবল ক্লাব ফুটবলের তুলনায় সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা বলে মনে করেন তিনি।
এদিকে বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে লে ব্লুরা। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে ইরাকের বিপক্ষেও তার দিকেই তাকিয়ে থাকবে ফরাসি সমর্থকরা।

Leave a Reply