জানা গেল আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের দায়িত্ব পাওয়া রেফারির নাম

আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শুরু হচ্ছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলতে নামবেন লিওনেল মেসিবাহিনী।

এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে থাকবেন পোল্যান্ডের সিজমন মারচিনিয়াক। তাকে সহায়তা করবেন তার স্বদেশী তোমাশ লিস্তকিয়েভিচ এবং আদাম কুপসিক। চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার শন ইভান্স। অতিরিক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের আইজ্যাক ত্রেভিস।

পোল্যান্ডের এই রেফারি এর আগেও আর্জেন্টিনার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ঐতিহাসিক ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেন।

মারচিনিয়াক ২০১১ সাল থেকে ফিফার স্বীকৃত আন্তর্জাতিক রেফারি হিসেবে কাজ করে আসছেন। আসন্ন ম্যাচটি হবে বিশ্বকাপে তার ষষ্ঠ ম্যাচ। এর আগে তিনি রাশিয়া বিশ্বকাপে ২ ও কাতার বিশ্বকাপে ৩ ম্যাচে দায়িত্ব পালন করেন। ওই ৫ ম্যাচে ১৬ হলুদ কার্ডের পাশাপাশি দিয়েছেন একটি লাল কার্ড।

রেফারি হওয়ার আগে মারচিনিয়াক ফুটবলার ছিলেন। খেলতেন নিজের জন্মশহরের ক্লাব ভিসওয়া প্লকের হয়ে। এক ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হওয়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়। সেই ম্যাচের রেফারির সঙ্গে পরবর্তী আলাপচারিতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে এবং এরপরই তিনি রেফারিং পেশায় নিজেকে গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *