২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’— এর ২৩তম আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপের মহোৎসব।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। তবে মেগা টুর্নামেন্ট শুরুর এই অন্তিম মুহূর্তেও সেলেসাও শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন—কোথায় নেইমার জুনিয়র? সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তার না খেলার বিষয়টি আগেই নিশ্চিত ছিল, যার কারণে দলের সঙ্গে ওহিয়ো’র ক্লিভল্যান্ডেও যাননি তিনি। কিন্তু মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগে এখনো জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
এদিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বর্ণাঢ্য অধ্যায়ে ইতি টেনে ২৪ বছর পর ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নপূরণের লক্ষ্যে দলটির ডাগআউটে বসেছেন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। গতকাল বুধবার (১০ জুন) খেলোয়াড়দের কাছ থেকে বিশেষ সম্মান পেয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। ক্যাম্পের ভেতর ‘গার্ড অব অনারের’ আদলে বেশ সংযত ও আনন্দঘন পরিবেশে আনচেলত্তির ৬৭তম জন্মদিন পালন করেছে ব্রাজিলের ফুটবলাররা।
বিনয় ও মজার সুরে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া বলছেন, ‘তিনি (কোচ) নিরাপদে এই জায়গা পার হয়েছেন, কেউ তাকে স্পর্শ করিনি।’ কোচের জন্মদিনেও কেন নেইমার ছিলেন না তা নিয়ে অবশ্য কথা বলেননি সতীর্থ বা দলের কোচিং স্টাফের কেউই।
গত মে মাসের মাঝামাঝিতে সান্তোসের হয়ে খেলার সময় মাংসপেশির ‘গ্রেড টু’ ইনজুরিতে পড়েন নেইমার। বিশ্বকাপ শুরুর আগে তিনি সেরে উঠবেন—এমন আশাবাদ থেকেই তাকে স্কোয়াডে রেখেছিলেন আনচেলত্তি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এখনো অনুশীলনে যোগ না দেওয়ায় আগামী ১৪ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচটি মিস করতে পারেন নেইমার। শুধু প্রথম ম্যাচই নয়, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতেও এই তারকা ফরোয়ার্ড কবে নাগাদ ফিরতে পারবেন, তার কোনো নিশ্চয়তা মেলেনি।
নেইমারকে টুর্নামেন্টের শুরুতে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ব্রাজিলের স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী দেশটির সাবেক তারকারা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং বর্তমান ইএসপিএনের ক্রীড়া বিশ্লেষক জিনহো বলেন, ‘ব্রাজিল হয়তো কাগজের কলমে শীর্ষ ফেভারিট নয়, তবে তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে যারা একসঙ্গে দারুণ একটি দল হয়ে উঠতে পারে। আমার মতে ব্রাজিলের এবার ভালো সুযোগ আছে।’
একই সুরে কথা বলেছেন ব্রাজিলের জনপ্রিয় রেডিও ধারাভাষ্যকার বেঞ্জামিন ব্যাকও। আনচেলত্তির কৌশলের ওপর ভরসা রেখে তিনি বলেন, ‘তার অধীনে এমন এক দল আছে, যাদের রক্ষণ থাকবে প্রতিপক্ষের কার্যকলাপ অনুযায়ী এবং বল পেলেই দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। এটি তরুণ একটি দল, যাদের শারীরিক অবস্থা ভালো এবং একজন দুর্দান্ত কোচ আছেন। আমি ব্রাজিলকে ফেভারিটদের তালিকায় রাখব।’
এখন দেখার বিষয়, নেইমারবিহীন ব্রাজিল আনচেলত্তির অধীনে মরক্কো বধ দিয়ে বিশ্বকাপে তাদের হেক্সা মিশন সফলভাবে শুরু করতে পারে কি না।

Leave a Reply