হেক্সা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রিও ডি জেনিরোওর দ্য মিউজিয়াম অব টুমোরোতে প্রকাশ করা হয় ২৬ জনের তালিকা। অনিশ্চয়তা থাকলেও রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। তবে আগের করা ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন থিয়াগো সিলভা, হোয়াও পেদ্রোদের মতো বড় নাম।
বাংলাদেশ সময় সোমবার (১৮ মে) দিবাগত রাতে রিও ডে জেনিরোওর মিউজে ডো আমানিয়াহয় হুলস্থুল কাণ্ড। স্রেফ স্কোয়াড ঘোষণার আয়োজনে নাচ-গান আর সাজ সাজ রব। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কার্লো অ্যানচেলত্তি। ইতালিয়ানের গাড়ি বহর ঢোকার চিত্র দেখলে মনে হবে অস্কার কিংবা গ্রামির কোনো অনুষ্ঠান।
এতসব আয়োজনে দল ঘোষণায় বিলম্ব হলো বেশ। অবশ্য তাতেও কারো আক্ষেপ নেই। ভেন্যুতে প্রায় ১ হাজার দর্শক। বিশ্ব ফুটবলের বড় নাম ছাড়াও ১৩ দেশ থেকে প্রায় ৬০০ গণমাধ্যমকর্মী অংশ নেন। ভার্চুয়ালি সংখ্যাটা আরও বড়, সিবিএফের সরাসরি সম্প্রচারে যুক্ত ছিল ৫ লাখের বেশি মানুষ।
ব্রাজিলের দল নিয়ে মানুষের আগ্রহ বোঝাতে এই সংখ্যাই যথেষ্ট। অ্যানচেলত্তি ঢুকলেন, বুকে জড়িয়ে গোপন তালিকা। ২৬ জনের নাম। যারা এবার গায়ে জড়াবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি জার্সি।
নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক পরে মঞ্চে আসেন ব্রাজিল বস। সময় নেননি খুব বেশি। সংক্ষিপ্ত বক্তব্য শেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িতও হন। গোলপোস্টের নিচে যথারীতি অ্যালিসন। বিকল্প হিসেবে এডারসন আর গ্রেমিওর ওয়েবেরটন। রক্ষণের নেতৃত্বে অভিজ্ঞ মারকুইনহোস। তার সঙ্গে আর্সেনালের গ্যাব্রিয়েলের মতো বড় নাম। আছেন দানিলো, অ্যালেক্স সান্দ্রো কিংবা লিও পেরেইরা।
৫ মিডফিল্ডার আছে ২৬ জনের তালিকায়। ক্যাসেমিরোর সঙ্গী ব্রুনো গিমারেজ, ফ্যাবিনহো আর লুকাস পাকেয়াতা। ডিফেন্সিভ অ্যাবিলিটিকেই বেশি প্রাধান্য দিয়েছেন কার্লো। আরাধ্যের প্রশ্নের উত্তর মেলে শেষ দিকে। রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। ঐ নাম ঘোষণার সঙ্গেই করতালিতে ফেটে পড়ে গোটা হল রুম। তার সঙ্গে ভিনি-রাফিনিয়া। এন্ড্রিক-মার্তিনেল্লির পাশাপাশি বোর্নমাউথের রায়ান বড় চমক।
জাতীয় ফুটবল দলের হেডকোয়ার্টার গ্রাঞ্জা কোমারিতে ২৭ তারিখে রিপোর্টিং স্কোয়াড সদস্যদের। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে থাকা ফুটবলারদের জন্য তারিখটা ৩০শে মে।

Leave a Reply