Category: Uncategorized

  • মার্কেট-শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত

    মার্কেট-শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত সাতটার মধ্যে দোকানপাট বন্ধের বাধ্যবাধকতা থাকলেও ঈদকে সামনে রেখে সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

    মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় সরকার মার্কেট-শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে। তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

  • বুধবার দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    বুধবার দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    গাছের শাখা-প্রশাখা কর্তন, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল বুধবার (১৩ মে) দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে বুধবার শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

     

    সংশ্লিষ্ট এলাকায় আগেই মাইকিং করা হয়েছে জানিয়ে আরও বলা হয়, হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় অধিক। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এর ফলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
     

     

     

    অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

     

    এসময় দেওয়ানপাড়া ফিডারের (উকিলের মোড় আইসোলেটর থেকে শেষ পর্যন্ত) আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ থাকবে না।

     

    সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর।

  • সিলেটেই বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

    সিলেটেই বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

    সিলেটেই বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

    আবহাওয়া সংক্রান্ত কারণে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে জোরালো একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন শেষমেশ ধোপে টিকল না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সিলেটেই হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

    মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

     

    আগামী ১৬ মে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ঢাকা টেস্ট শেষ করে আগামীকাল ভেন্যুর উদ্দেশে রওনা দেয়ার কথা দুদলের।

     

    ঢাকা টেস্টের শেষ দিনের খেলা চলাকালে সিলেট থেকে ভেন্যু ঢাকায় নিয়ে আসার গুঞ্জনটি আসে। শোনা যাচ্ছিল, ভেন্যু পাল্টানোর ব্যাপারে সব ধরনের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনাও করেছে বিসিবি। আর সেটার পেছনে কারণ সিলেটের টানা বৃষ্টি।

     

     

    সিলেটে বৃষ্টির শঙ্কা সন্ধ্যায় বেশি। তবে সিলেটের ড্রেনেজ সিস্টেম যেহেতু মিরপুরের মতো নয়, সে জন্য রাতে বৃষ্টি হলেও দিনে খেলা নিয়ে শঙ্কা থাকে। সে জন্যই এমন চিন্তাভাবনা এসেছিল। তবে সম্প্রচার এবং পিচ কিউরেটরদের সঙ্গে আলোচনা শেষে ভেন্যু সিলেটেই রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি।

     

    একই বিজ্ঞপ্তিতে দ্বিতীয় টেস্টের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। মিরপুর টেস্টের অপরিবর্তিত স্কোয়াড নিয়েই সিলেট টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

     

     

    নিয়মিত অধিনায়ক শান্তর নেতৃত্বে সিলেট টেস্টে খেলবে বাংলাদেশ। প্রথমবার দলে ডাক পাওয়া অমিত হাসান ঢাকা টেস্টের একাদশে জায়গা না পেলেও আছেন সিলেট টেস্টের স্কোয়াডে।

  • পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ পেল ছেলে, মা বললেন ‘আরও মন দিয়ে পড়া উচিত ছিল’

    পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ পেল ছেলে, মা বললেন ‘আরও মন দিয়ে পড়া উচিত ছিল’

    পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ পেল ছেলে, মা বললেন ‘আরও মন দিয়ে পড়া উচিত ছিল’

    ভারতের শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র দিব্যেন্দু প্রামাণিক। সম্প্রতি আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে সর্বভারতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। কিন্তু ছেলের এক নম্বর কম পাওয়া নিয়ে মন্তব্য করেছেন ওই ছাত্রের মা, যা নিয়ে নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে

    দিব্যেন্দু প্রামাণিকের মা এবং স্কুল শিক্ষিকা বাণী প্রামাণিক শর্মা তার ছেলে পূর্ণ নম্বর থেকে মাত্র এক নম্বর কম পাওয়ায় গর্ব ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যে ঘটনার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল।

     

    তিনি বলেন, 

    আমার মন খারাপ… ও যদি আরও এক নম্বর পেত, তাহলে ভালো হতো। যদি ও আরেকটু মন দিয়ে পড়াশোনা করত, তাহলে হয়তো ওই এক নম্বর না পাওয়ার জন্য আমাদের এতটা দুঃখ হতো না।

     

     

    ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বাণী প্রামাণিক শর্মার সেই ‘মধুর-তিক্ত’ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এবং ভিডিওটির কমেন্ট সেকশন ভরিয়ে দেন।

     

    একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এমন বাবা-মা যেন আমার জীবনে কখনো না আসে।’ 

     

     

    আরেকজন ব্যবহারকারী বলেন, ‘এ কারণেই আমার ছেলে বৃদ্ধ বয়সে আমার সাথে কথা বলে না।’

     

    একই সময়ে, আরও অনেক ব্যবহারকারীকে বাণী প্রামাণিক শর্মার বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করতে দেখা যায়।

     

    এদিকে ভিডিওতে দিব্যেন্দু নামের ওই শিক্ষার্থী বলেন, 

    ওই এক নম্বর হারানোয় আমার খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে। আমি ভালোই করেছি।

     

    এছাড়াও দিব্যেন্দু উল্লেখ করেছে, সে একজন প্রকৌশলী হতে চায় এবং আইআইটি’র শীর্ষস্থানীয় প্রবেশিকা পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেবে।

     

    সূত্র: টাইমস নাও

  • বঙ্গোপসাগরে লঘুচাপ: সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের বার্তা

    বঙ্গোপসাগরে লঘুচাপ: সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের বার্তা

    বঙ্গোপসাগরে লঘুচাপ: সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের বার্তা
    উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

    মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এর দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

    আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার (১৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    এছাড়া আগামী পাঁচদিন পরেও দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

  • সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব

    সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব

    সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব

    অকালমৃত্যু কমাতে সিগারেটের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করেছে তামাকবিরোধী দুটি সংগঠন। প্রস্তাবে প্রতি শলাকা সিগারেটের খুচরা মূল্য সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে তারা।

    সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

     

    সংবাদ সম্মেলনে সিগারেটকে চারটি স্তরে ভাগ করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি তামাকের ব্যবহার কমানোর ওপর জোর দেয়া হয়।

     

     

    প্রস্তাব অনুযায়ী, প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা এবং এর সঙ্গে ৬৭ শতাংশ এক্সাইজ বা আবগারি শুল্ক ও প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪ টাকা কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এই হিসাবে প্রতিটি সিগারেটের খুচরা মূল্য দাঁড়ায় ৩৫ টাকা।

     

    উচ্চ মূল্যস্তরের প্রতি প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। এতে প্রতি শলাকার দাম দাঁড়াবে ২৫ টাকা ৪৫ পয়সা।

     

     

    মধ্যম ও নিম্ন স্তরের ১০ শলাকার প্রতি প্যাকেটের দাম যথাক্রমে ৮০ ও ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার দাবি জানানো হয়েছে। এতে প্রতিটি সিগারেটের সর্বনিম্ন দাম হবে ১৭ টাকা ১ পয়সা।

     

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান। প্রতি বছর তামাকজনিত রোগে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। সিগারেটের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গেলে লক্ষাধিক তরুণ ধূমপান থেকে বিরত থাকবে। 

  • সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    দেশের ৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

    মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

     

    বার্তায় বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

     

     

    এদিকে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা নিয়ে আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দুপুর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

     

    এ ছাড়া, সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে।

  • বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো ডিএমপি

    বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো ডিএমপি

    বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো ডিএমপি

    যানবাহনে বিআরটিএর দেওয়া নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    সোমবার (১২) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজ অনুযায়ী নম্বর প্লেট নির্ধারিত স্থানে ব্যবহার করা প্রতিটি যানবাহনের জন্য আইনিভাবে বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত মূল রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। এমনকি কিছু যানবাহনে নম্বর প্লেটের পরিবর্তে হাতে পেইন্ট দিয়ে লেখা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হচ্ছে, যা আইন পরিপন্থী।

    ডিএমপি জানায়, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের জন্য ফি জমা দিলেও বিআরটিএ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এ ছাড়া অনেক যানবাহনের সামনের কাঁচে (উইন্ডশিল্ড) লাগানো আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় পাওয়া যাচ্ছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় ও যানবাহনের ডিজিটাল তদারকিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।

    গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আগামী সপ্তাহ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। বিআরটিএর নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এ অবস্থায় ট্রাফিক আইন মেনে সব যানবাহনকে দ্রুত বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও ট্যাগ নিশ্চিত করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

  • বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ খতিয়ে দেখতে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

    বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ খতিয়ে দেখতে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

    বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ খতিয়ে দেখতে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
    বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার সেটার বাস্তবায়ন দেখা গেল। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে আহবায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

    ১ মিনিটে পড়ুন
    কে এম অলিউল্ল্যা ছাড়া তদন্ত কমিটির কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

    তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি পর্যালোচনা করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন।

    মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার এবং বিসিবি। তারা আইসিসির কাছে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার অনুরোধ করে। কিন্তু আইসিসি সেই অনুরোধ না রেখে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ করে দেয়।

    যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সুযোগ পেয়েও না যাওয়ার সিদ্ধান্ত এবারই প্রথম। ফলে এই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়। দুদেশের কুটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ে। এসব কারণেই নতুন সরকার আসার পরই বিষয়টি খতিয়ে দেখার কথা ভাবছে।

  • সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

    সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

    সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
    উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    বুলেটিনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ওঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    এছাড়া বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এছাড়া বর্ধিত পাঁচদিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।