চলতি বছরের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হতে পারে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করে প্রস্তাবনা তৈরি করেছে আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ভর্তি ও ক্লাস সূচি প্রকাশ করা হবে।
বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। ভর্তি কার্যক্রম শেষ করতে হবে ১০ নভেম্বরের মধ্যে।
এরপর ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাবনা করা হয়েছে।
আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘আগামীকাল প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
গত সোমবার চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়।
এতে পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। বিগত কয়েক বছরের তুলনায় পাসের হার নিম্নমুখী। ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। বিগত বছরগুলোর তথ্য অনুযায়ী, পাস করা শিক্ষার্থীদের ৫ থেকে ১০ শতাংশ কলেজে ভর্তি হয় না।
প্রায় ১১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী পাস করলেও একাদশে আসন রয়েছে তার দ্বিগুণেরও বেশি। আন্ত বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে ২৭ লাখ আসন রয়েছে। সেই হিসেবে এ বছর ১৭ লাখই খালি থাকবে। কলেজগুলোতে শিক্ষার্থীর জন্য হাহাকার পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply