খাবার খাওয়ার পর অনেকেরই হঠাৎ বমি বমি ভাব বা পেটে অস্বস্তি শুরু হয়। বেশি খাবার খাওয়া এর একটি সাধারণ কারণ হলেও, এর পেছনে থাকতে পারে সংক্রমণ, গ্যাস্ট্রিকের সমস্যা, খাবারে সমস্যা এমনকি গর্ভাবস্থার মতো কারণও। মেডিকেল নিউজ টুডের প্রতিবেদনে বিষয়টা নিয়ে বিশেষজ্ঞরা কথা বলেছেন।
বমি বমি ভাব কেন হয়
বমি বমি ভাব হলো পেটে অস্বস্তি বা অসুস্থ লাগার এমন একটি অনুভূতি, যার ফলে বমি করার ইচ্ছা হতে পারে। খাবার মুখ থেকে পাকস্থলী ও অন্ত্রে যাওয়ার পুরো হজম প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে খাওয়ার পর এমন অনুভূতি দেখা দিতে পারে। এর সঙ্গে ডায়রিয়া, মাথাব্যথা, পেটে ব্যথা বা বুকজ্বালাও থাকতে পারে।
গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন
গর্ভাবস্থায় হরমোনের নানা পরিবর্তনের কারণে বমি বমি ভাব খুবই সাধারণ বিষয়। শুধু সকালে নয়, দিনের যেকোনো সময় এটি হতে পারে। অনেকের ক্ষেত্রে খাবার খাওয়ার পর এই সমস্যা আরও বেশি অনুভূত হয়। গর্ভাবস্থায় হজম প্রক্রিয়াতেও পরিবর্তন আসে, ফলে খাবার পাকস্থলীতে তুলনামূলক বেশি সময় থাকতে পারে।
খাবারে বিষক্রিয়া বা সংক্রমণ
ঠিকমতো রান্না না করা বা সঠিকভাবে সংরক্ষণ না করা খাবার খেলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে এমন সমস্যা হয়। দূষিত খাবার খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বমি বমি ভাব শুরু হতে পারে। এর সঙ্গে দেখা দিতে পারে বমি, ডায়রিয়া, পেটব্যথা এবং জ্বর।
খাবারে অ্যালার্জি
খাবারে অ্যালার্জি হলে শরীর কোনো নির্দিষ্ট খাবারের প্রোটিনকে ক্ষতিকর মনে করে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে। ফলে খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বমি বমি ভাব বা বমি হতে পারে। মুখ বা ঠোঁট ফুলে যাওয়া, শ্বাস নিতে বা গিলতে কষ্ট হওয়ার মতো লক্ষণ দেখা দিলে বিষয়টি জরুরি। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা
খাবার হজমের সঙ্গে যুক্ত কোনো অঙ্গ ঠিকভাবে কাজ না করলেও খাওয়ার পর বমি বমি ভাব হতে পারে।
অ্যাসিড রিফ্লাক্স: পাকস্থলীর অ্যাসিড ওপরের দিকে উঠে এলে বুকজ্বালা, টক ঢেকুর ও বমি বমি ভাব হতে পারে।
পিত্তথলির সমস্যা: বিশেষ করে বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ার পর বমি বমি ভাব দেখা দিতে পারে।
অগ্ন্যাশয়ের প্রদাহ: অগ্ন্যাশয়ে প্রদাহ হলে বমি বমি ভাবের সঙ্গে পেটব্যথাসহ অন্যান্য হজমের সমস্যা দেখা দিতে পারে।
খাওয়ার পর মাঝেমধ্যে হালকা বমি বমি ভাব হলে সবসময় গুরুতর সমস্যা বোঝায় না। তবে বারবার এমন হলে, তীব্র পেটব্যথা, দীর্ঘস্থায়ী বমি, জ্বর, পানিশূন্যতার লক্ষণ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
তাই খাবার খাওয়ার পর বারবার বমি বমি ভাবকে শুধু ‘গ্যাসের সমস্যা’ ভেবে এড়িয়ে না গিয়ে, এর সঙ্গে থাকা অন্যান্য লক্ষণগুলোর দিকেও নজর দেয়া ভালো।

Leave a Reply