অনুষ্ঠিত হলো দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে বিপুল ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। মোট ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। বিকেল ৫টা ২০ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোট দেনটি যে ৬ সংসদ সদস্য:
এবারের নির্বাচনে ভোট না দেওয়া ছয় সংসদ সদস্যের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে।
অসুস্থতার কারণে ভোট দেননি মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি। বর্তমানে চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি আগেই জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি।
দলীয় সিদ্ধান্তে ভোট দেননি ইসলামী আন্দোলনের এমপি
ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহও ভোট দেননি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় দলটি এ নির্বাচনে ভোট দেবে না।
দেশের বাইরে দুই এমপি
এদিকে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান লন্ডনে ও সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাই তারা ভোট দিতে পারেননি।
ভোট দেননি আরও দুই এমপি
এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বলে জানা গেছে। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও ভোট দেননি বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন এবং সবগুলো ভোটই বৈধ হয়েছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
দেশে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এই নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply