একাদশ শ্রেণির ক্লাস শুরু ও ভর্তির নতুন দিন তারিখ ঠিক করেছে সরকার। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে। আর অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হবে ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বরাবরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ প্রস্তাব করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
তবে মন্ত্রণালয়ের অনুমোদন না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে ক্লাস শুরুর তারিখ বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, প্রস্তাব অনুমোদন হওয়ার পরই এ বিষয়ে নোটিশ দেওয়া হবে।
এবারও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় কলেজ পছন্দসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে বুয়েটের কয়েকজন শিক্ষকের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী পাস করেছেন। ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছেন ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
চলতি বছর ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী ৩ হাজার ৮৮৩টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Leave a Reply