বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, জিতেছিল যে দল

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের মঞ্চ প্রস্তুত। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করে স্পেন। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ফুটবলের এই দুই পরাশক্তি। শিরোপা নির্ধারণী এই লড়াইকে ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

বর্তমান ফর্ম, তারকা খেলোয়াড় ও সাম্প্রতিক সাফল্য নিয়ে নানা আলোচনা থাকলেও বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার নজির মাত্র একটি। আর সেই একমাত্র সাক্ষাতে জয় পেয়েছিল আর্জেন্টিনাই।

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপপর্বে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্রবারের মতো বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে। স্পেনের একমাত্র গোলটি করেছিলেন পির্রি।

যদিও সেই আসরে দুই দলের ভাগ্য ছিল ভিন্ন। গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা শেষ আটে উঠলেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে।

প্রায় ছয় দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এবার অবশ্য লড়াইটি গ্রুপপর্বে নয়, সরাসরি শিরোপা নির্ধারণী ফাইনালে। অতীতের একমাত্র জয়ের স্মৃতি সঙ্গে নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল, আর প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্য থাকবে স্পেনের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *