বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা, জায়গা পেলেন যারা

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের এক মাস আগে সোমবার (১১ মে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোচ লিওনেল স্ক্যালোনির বাছাই করা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।


ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছে। এই তালিকা থেকেই কোচ লিওনেল স্ক্যালোনি শেষ পর্যন্ত ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন, যারা টুর্নামেন্টে যাবে। চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ৩০ মে। টুর্নামেন্ট শুরুর আগে কেউ চোটে পড়লে, ঘোষিত এই প্রাথমিক তালিকা থেকেই তার বদলি নেওয়া হবে।

এটি প্রাথমিক তালিকা হওয়ায় অনেকেই চূড়ান্ত তালিকা থেকে শেষ পর্যন্ত বাদ পড়বেন। তবে প্রাথমিক দলে কয়েকটি চমকপ্রদ নাম রয়েছে, যাদেরকে কোচিং স্টাফ নজরে রাখলেও, আগে কখনও জাতীয় দলে ডাকেনি।

ছয় গোলরক্ষকের মধ্যে সান্তিয়াগো বেলত্রানের নাম আছে। রিভার প্লেটের এই তরুণ গোলকিপার তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। তার আগে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, মেরেনিমো রুল্লি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ ও ফাকুন্দো কাম্বেসেস। এদের মধ্যে প্রথম তিনজেরই চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি। এদের মধ্যে বেলত্রান ছাড়া বাকি সবাই আগেই আর্জেন্টিনার হয়ে খেলেছেন।

 

ডান প্রান্তে গঞ্জালো মন্তিয়েলের জায়গা প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। তালিকায় নাহুয়েল মলিনার নামও আছে, যদিও তিনি রোববার (১০ মে) চোট পেয়েছেন এবং তার সেরে উঠতে প্রায় ২১ দিন লাগতে পারে। এই পজিশনে বিকল্প হিসেবে উঠে এসেছে অগাস্টিন গিয়ায়, কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদোর নামও।

রক্ষণভাগের চমকপ্রদ নামগুলোর মধ্যে আছেন লাউতারো দি লোল্লো, যিনি সম্প্রতি বোকা জুনিয়র্সের নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন। এছাড়া আছেন জাইদ রোমেরো, যিনি বর্তমানে লা লিগায় গেতাফের হয়ে খেলছেন।

তবে অবাক করার বিষয়, এই তালিকায় জায়গা হয়নি টমাস প্যালাসিওসের, যিনি সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ডাক পেয়েছিলেন। বাদ পড়েছেন মারিয়ানো ত্রইলোর নামও।

 

মিডফিল্ড ও আক্রমণভাগেও কয়েকজন নতুন মুখ আছে, যাদের ওপর কোচের নজর ছিল বলে আগে জানা যায়নি। তাদের মধ্যে রয়েছেন মিল্টন দেলগাদো ও টমাস আরান্দা। দুজনই বর্তমানে বোকা জুনিয়র্সের নিয়মিত খেলোয়াড়। দুজনেরই বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। টমাস আরান্দাকে সর্বশেষ অনূর্ধ্ব-২০ দলে ডাকা হয়েছিল এবং শেষ আন্তর্জাতিক বিরতিতে তিনি সিনিয়র দলের সঙ্গেও অনুশীলন করেছেন।

লিওনেল স্ক্যালোনি তাকে নিয়ে বলেছিলেন, ‘সে খুবই আকর্ষণীয় একজন খেলোয়াড় এবং দারুণ এক আবিষ্কার।’

 

এছাড়া আগের স্কোয়াডে থাকলেও সম্প্রতি গুরুত্ব হারানো কয়েকজনকেও আবার তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে আছেন গুইদো রদ্রিগেজ, যিনি কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। আরও আছেন নিকোলাস ডমিঙ্গুয়েজ, আনিবাল মোরেনো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।

প্রাথমিক তালিকায় আরও জায়গা পেয়েছেন আলেহান্দ্রো গারনাচো, যিনি ২০২৪ সালের সেপ্টেম্বরের পর আর ডাক পাননি। এছাড়া আছেন মাতিয়াস সৌলে, ক্লাউদিও এচেভেরি এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। তবে প্রেস্তিয়ান্নি যদি শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা পান, তাহলে নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না।

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:

এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেনিমো রুল্লি (মার্শেই), হুয়ান মুসো (অ্যাতলেটিকো মাদ্রিদ), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো কাম্বেসেস (রেসিং ক্লাব), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট), অগাস্টিন গিয়ায় (পালমেইরাস), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ), নিকোলাস কাপালদো (হামবার্গ), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেন্ট গিলোইসে), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (রিভার প্লেট), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হেরমান পেজ্জেলা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (মার্শেই), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লাউতারো দি লোল্লো (বোকা জুনিয়র্স), জাইদ রোমেরো (গেতাফে), ফাকুন্দো মেদিনা (মার্শেই), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গ্যাব্রিয়েল রোহাস (রেসিং ক্লাব), ম্যাক্সিমো পেরোন (ক্যালসিও কোমো ১৯০৭), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া), আনিবাল মোরেনো (রিভার প্লেট), মিল্টন দেলগাদো (বোকা জুনিয়র্স), আলান ভারেলা (এফসি পোর্তো), এজেকুয়েল ফার্নান্দেজ (বায়ের লেভারকুসেন), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), এজেকুয়েল প্যালাসিওস (বায়ের লেভারকুসেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস), নিকোলাস ডমিঙ্গুয়েজ (নটিংহ্যাম ফরেস্ট), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবুর্গ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (ক্যালসিও কোমো ১৯০৭), ফ্রাঙ্কো মাস্তানতুয়নো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাতলেটিকো মাদ্রিদ), টমাস আরান্দা (বোকা জুনিয়র্স), নিকোলাস গঞ্জালেস (অ্যাতলেটিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (চেলসি), গিউলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মাতিয়াস সৌলে (রোমা), ক্লাউদিও এচেভেরি (জিরোনা), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), সান্তিয়াগো ক্যাস্ত্রো (বোলোনিয়া), লাউতার মার্টিনেজ (ইন্টার মিলান), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ) ও মাতেও পেল্লেগ্রিনো (পার্মা ক্যালসিও)
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *