অতিরিক্ত আলস্য কি শুধুই অভ্যাস, ভি’টামিনের ঘাটতিও হতে পারে কারণ, জেনে নিন

“অলস মস্তিষ্ক শয়তানের কারখানা”—প্রচলিত এই কথাটি আমরা সবাই জানি। সাধারণভাবে মনে করা হয়, যারা অলসভাবে সময় কাটায় তারা জীবনে পিছিয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব ক্ষেত্রে অলসতা শুধু খারাপ অভ্যাসের ফল নয়—এর পেছনে শারীরিক কারণও থাকতে পারে।

অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি, ঝিমুনি ও কাজের প্রতি অনীহা অনুভব করেন। অফিসের কাজ, ঘরের দায়িত্ব কিংবা নতুন কিছু শেখার আগ্রহ—সবকিছুতেই দেখা দেয় উদাসীনতা। শরীর ও মনে যেন শক্তির অভাব দেখা যায়।

চিকিৎসকদের মতে, এই ধরনের অতিরিক্ত ক্লান্তি ও আলস্যের একটি বড় কারণ হতে পারে শরীরে ভিটামিনের ঘাটতি। বিশেষ করে ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর অভাব হলে এমন সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি-এর ঘাটতি হলে ক্লান্তি, শারীরিক দুর্বলতা ও ঝিমুনি বাড়ে। পাশাপাশি হাড় ক্ষয়, হাঁটু ব্যথা এবং ত্বক, চুল ও মানসিক স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়ে।

অন্যদিকে ভিটামিন বি১২-এর অভাবে ক্লান্তি, অনিদ্রা, উদ্বেগ ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। এছাড়া হাত-পা অবশ হয়ে যাওয়া, পেশিতে টান ধরা, মাথা ঘোরা ও ঝিমুনির মতো লক্ষণও দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, আলস্য কাটাতে হলে শুধু মানসিকভাবে নয়, শারীরিক দিকেও নজর দিতে হবে। সুষম ও ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান, প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম এবং নিয়মিত শরীরচর্চা—এসব অভ্যাস গড়ে তুললে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *