ঈদে ছুটি বাড়ল

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

এর ফলে এবার কার্যত ছুটি হবে মোট সাত দিন। এক দিন বাড়িয়েছে সরকার।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবেকদরের নির্ধারিত ছুটির পর ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ থাকবে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।’

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।

১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন। ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবেকদরের ছুটি। ১৮ মার্চ ছুটি অনুমোদন দিল মন্ত্রিপরিষদ।সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *