Category: Uncategorized

  • নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

    নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

    বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় সুখবর এবং প্রতীক্ষার নাম হলো ৯ম জাতীয় পে-স্কেল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারির পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো ঘোষণা করা হয়।

    নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে তা দীর্ঘায়িত হয়েছে। তবে ২০২৬ সালে এসে ৯ম পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

    প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)

    নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

    গ্রেড বেতন স্কেল (টাকা)

    ০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)
    ০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
    ০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
    ০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
    ০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
    ০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
    ০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
    ০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
    ০৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
    ১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
    ১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
    ১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
    ১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
    ১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
    ১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
    ১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
    ১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
    ১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা
    ১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
    ২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

    এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

  • মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

    মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

    উদ্বোধনের চার বছর পর; আসছে বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল সেবায় আরোপিত এক শতাংশ সারচার্জ। গ্রাহককে স্বস্তি দিতে বিদ্যমান সিম কর ৩০০ টাকা থেকে কমানো হচ্ছে।

    মোবাইল অপারেটররা বলছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে ১৫ বছরে প্রথমবারের মতো কমবে করের বোঝা। প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে গ্রাহকের ওপর আরোপিত পাঁচ শতাংশ ভ্যাট শুন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের।

    ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে ২০২২ সালে চালু হয় পদ্মা সেতু। প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ২০১৬ সালের মার্চ থেকে মোবাইল সেবায় এক শতাংশ সারচার্জ আরোপ করে সরকার।

    সেতু চালু হলেও এখনো প্রতি ১০০ টাকায় এক টাকা সারচার্জ দিচ্ছেন সাড়ে ১৮ কোটির বেশি মোবাইল সংযোগধারী। এছাড়া সম্পূরক শুল্ক ২৩ শতাংশ; কার্যকরী ভ্যাট দিতে হয় ১৮ শতাংশ। ১০০ টাকা রিচার্জে গ্রাহক পাচ্ছেন ৫৮ টাকা। এছাড়া প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে গুণতে হয় ৩০০ টাকা কর। শুল্কের চাপে কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ।

    এ অবস্থায় কলরেট এবং ইন্টারনেট খরচ কমানোর দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা।

    মোবাইল অপারেটর সূত্র বলছে, গত ১০ বছরে সরকারকে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা। যেখানে সারচার্জই প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা।

    বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান সময় সংবাদের সাথে আলাপকালে সিম ট্যাক্স কমানোর দাবি জানান।

    এছাড়া চলতি বছরেই ১৬ হাজার ৮৫১ কোটি টাকা মূল্যের তরঙ্গ নবায়ন করতে হবে বেসরকারি তিন অপারেটরকে। যেখানে ৭ দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে এক হাজার ২৮৪ কোটি টাকা। এ অবস্থায় করের বোঝা কমানোর দাবি তাদেরও।

    এ বিষয়ে চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, পৃথিবীর কোথাও তরঙ্গের ওপর ভ্যাট নেয়া হয় না। এভাবে চললে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট কমে আসবে।

    ব্রডব্যান্ড সেবায় পাঁচ শতাংশ হারে ভ্যাট দিচ্ছেন প্রায় দেড় কোটি গ্রাহক। এই ভ্যাটের সঙ্গে রাউটার ও নেটওয়ার্কিং পণ্য আমদানিতে কর হার শুন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের।

    আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, সরকারের প্রতি অনুরোধ থাকবে যে প্রান্তিক পর্যায়ে গ্রাহক এখন যে ৫ শতাংশ ভ্যাপট দিচ্ছে এটা জিরো পারসেন্ট করা যায় কিনা।

    এদিকে, টেলিকমখাতে করের বোঝা কমানোর আশ্বাস দিয়েছে সরকারও।

    প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আমরা ভোক্তার কাছ থেকে ৩৮ শতাংশ ট্যাক্স নিচ্ছি, আবার অনেক কোম্পানির কাছ থেকে ২ শতাংশ বা ৪ শতাংশ নিচ্ছি এটা ঠিক না।

    বর্তমানে দেশে মোবাইলে সেবা দিচ্ছে চারটি অপারেটর। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে আড়াই হাজারের বেশি প্রতিষ্ঠান।

  • বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

    বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

    গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীর বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    এসময় মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের (সম্পূর্ণ) আওতাধীন কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

    সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর।

  • মায়ামি ছাড়ার পর এই প্রথম মেসিকে নিয়ে মুখ খুললেন মাসচেরানো

    মায়ামি ছাড়ার পর এই প্রথম মেসিকে নিয়ে মুখ খুললেন মাসচেরানো

    হাভিয়ের মাসচেরানো ইন্টার মায়ামির কোচের পদ ছেড়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। তবে দলটির অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তার দ্বন্দ্বের একটা গুঞ্জন রয়েছে। যদিও জাতীয় দল আর্জেন্টিনায় তারা ছিলেন অন্তরঙ্গ বন্ধু।

    মাসচেরানো মায়ামি ছেড়েছিলেন গত মাসের মাঝামাঝি। দায়িত্ব ছাড়ার পর প্রায় এক মাস পর মেসিকে মুখ খুললেন তিনি। কোনো বিতর্কিত কিছু না বললেও তার অস্বাভাবিকভাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং নতুন করে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

    মাসচেরানো সম্প্রতি মেক্সিকোর একটি অনুষ্ঠানে হাজির হলে সেখানকার স্থানীয় সাংবাদিকরা তাকে মেসি সম্পর্কে প্রশ্ন করেন। তার উত্তর ছিল সংক্ষিপ্ত, দৃঢ় এবং অনেক ইঙ্গিতপূর্ণ, ‘ভালো, ভালো, সে সব সময়ই ভালো।’

    এর আগে দ্য অ্যাথলেটিকের সাংবাদিক টম বোগার্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, মাসচেরানোর মায়ামি ছাড়ার পেছনের পরিস্থিতি ছিল অনেক বেশি উত্তপ্ত। প্রতিবেদনে বলা হয়, তার পদত্যাগের আগের সপ্তাহান্তে ড্রয়ের পর ড্রেসিংরুমে এক তর্কাতর্কিই ছিল চূড়ান্ত কারণ। এর আগেই দলটি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে নাশভিলের কাছে হেরে বিদায় নেয়।

    প্রতিবেদনটিতে মাসচেরানো ও মেসির সম্পর্ককে ‘তীব্র কিন্তু অস্বাভাবিক নয়’ বলে বর্ণনা করা হয়। বলা হয়, ‘তাদের মধ্যে প্রায়ই তর্ক বা উত্তপ্ত আলোচনা হতো, তবে অনেক সূত্রের মতে, দুইজন বিশ্বমানের অ্যাথলেটের মধ্যে এমন আচরণ স্বাভাবিক।’ আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় একসঙ্গে কাটানো বহু বছরের সম্পর্ক মাসচেরানোকে এতটাই আত্মবিশ্বাস দিয়েছিল যে তিনি অধিনায়ক মেসিকেও সরাসরি চ্যালেঞ্জ করতে পারতেন।

    মাসচেরানো ছিলেন ইন্টার মায়ামির ইতিহাসের চতুর্থ কোচ। তার অধীনে ক্লাবটি ২০১৫ সালে এমএলএস কাপ জয় করে। পদত্যাগের সময় দলটি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে ছিল। তার প্রস্থানের পর অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করছেন গিলেরমো হয়োস। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় শাবি হার্নান্দেজের পাশাপাশি আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্ডো, হারনান ক্রেসপো, মার্টিন পালেরমো ও ম্যাতিয়াস আলমেয়েদারের কথা বলা হচ্ছে।

  • মেঘনায় ৪৫ জেলে আটক

    মেঘনায় ৪৫ জেলে আটক

    সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় ৪৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও চারটি ফিশিং বোট জব্দ করা হয়।

    সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

     

    কোস্ট গার্ড জানায়, সন্দেহজনক চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ কেজি ইলিশ ও ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দ করা এসব মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা।

     

    পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন। আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

     

     

    বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

     

    তিনি আরও বলেন, ‘সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

  • ১৪৪ বিধায়কের সমর্থন নিয়ে আস্থা ভোটে বড় জয় পেলেন বিজয়

    ১৪৪ বিধায়কের সমর্থন নিয়ে আস্থা ভোটে বড় জয় পেলেন বিজয়

    আস্থা ভোটেও বড় জয় পেলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপাতি বিজয়। এই সুপারস্টার অভিনেতা— গত মাসের নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজাগামকে (টিভিকে) বিজয়ী করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলেন। তার দলের জয়ের মধ্য দিয়ে ডিএমকে এবং এআইএডিএমকে-র ৬২ বছরের একাধিপত্য ভেঙে যায়। বুধবার (১৩ মে) এক নাটকীয় আস্থা ভোটে জয়ী হয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চিত হলেন বিজয়।

    বিজয়ের পক্ষে ১৪৪ জন বিধায়ক সমর্থন দেন, ২২ জন বিপক্ষে দাঁড়ান এবং পাঁচজন কোনো পক্ষেই ছিলেন না। দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও তাদের ৫৯ জন বিধায়ক ওয়াকআউট করার পর এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ৪৭ জনকে বিপক্ষে ভোট দিতে বলার পরেই এই ঘটনা ঘটে।

     

    ফলাফলের পর, সিনেমা থেকে রাজনীতিতে পা রাখা বিজয় বলেন, ‘বাঁশি (টিভিকে-র নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদেরকে একটি সংখ্যালঘু সরকার বলব… এমন একটি সরকার যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।’

     

    ৪ মে ফলাফল ঘোষণার পর বিজয়ের দল টিভিকে-র সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আস্থা ভোটের প্রয়োজন হয়েছিল। বিজয়ের দল ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতেই জয়লাভ করে – তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নিজেদের প্রকাশ করে। কিন্তু সরকার গঠনে প্রয়োজন ছিল ১১৮ আসন।

     

    ফলে ১০ আসন কম পাওয়ায় সরকার গঠনে জটিলতায় পড়েন বিজয়। অবশেষে কংগ্রেস, দুই বামপন্থি দল ও আঞ্চলিক দল ভিসিকের সমর্থন নিশ্চিত করে ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপাতি বিজয়।

     

    টিভিকে-র ১০৫ জন বিধায়ক ছিলেন; দলটি স্পিকারের আসনে একটি ভোট হারায়, দ্বিতীয়টি হারায় কারণ বিজয় তার জেতা দুটি আসনের একটি থেকে পদত্যাগ করেন, এবং তৃতীয়টি হারায়, তিরুপ্পাত্তুর থেকে শ্রীনিবাস সেতুপতি আর-এর এক ভোটের জয়কে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই। 

     

    তবে, ১০৫ জনই উপস্থিত হয়ে বিজয়কে ভোট দিয়েছিলেন।

    বাইরে থেকে সমর্থনকারী মিত্র দলগুলো—কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে এবং আইইউএমএল—সম্মিলিতভাবে ১৩টি আসন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। ১৪তম ভোটটি এসেছে টিটিভি দিনাকরণের নেতৃত্বাধীন আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগামের একমাত্র বিধায়কের কাছ থেকে।

     

    সুতরাং, মিত্রদের ভোট টিভিকে-কে ১১৯টি ভোট এনে দেয়—যা ছিল খুবই সামান্য ব্যবধানের এক বিজয়।

    শেষ পর্যন্ত বড় জয়টি আসে এআইএডিএমকে-র দুই ডজন বিধায়কের কাছ থেকে।

     

    সুতরাং, এআইএডিএমকে-র ২৪ জন বিধায়ক বিজয়কে ভোট দিয়েছেন এবং ২৫তম জন (যাকে টিভিকে-পন্থি হিসেবেও ধরা হয়) দলীয় প্রধান এডাপ্পাদি কে পালানিস্বামীর আদেশ অমান্য করে ভোটদানে বিরত থেকেছেন।

  • ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে নতুন বার্তা

    ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে নতুন বার্তা

    চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আবহাওয়া দফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

     

    একই সঙ্গে মে মাসে দেশে ৫ থেকে ৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় এবং ১ থেকে ৩ দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

     

    ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির সাম্প্রতিক এক সভার বরাত দিয়ে আবহাওয়া দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম জানান, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

     

     

    বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৪০ থেকে ৩৬০ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে ৩৩০ থেকে ৩৫০ মিলিমিটার, রংপুর বিভাগে ২৬০ থেকে ২৮০ মিলিমিটার এবং ঢাকা বিভাগে ২৫০ থেকে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগে ২২০ থেকে ২৫০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১৭০ থেকে ১৯০ মিলিমিটার এবং খুলনা বিভাগে ১৬০ থেকে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

     

    পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।  

     

     

    এ মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দফা মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে। ওই সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

     

    নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের কারণে কিছু সময়ের জন্য নদীর পানি সমতল বাড়তে পারে।

  • লোকবল নেবে নগদ, চলছে আবেদন

    লোকবল নেবে নগদ, চলছে আবেদন

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রেনিং অ্যান্ড অর্গানিজশনাল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

    গত ১১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

    প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
    পদের নাম: ম্যানেজার
    বিভাগ: ট্রেনিং অ্যান্ড অর্গানিজশনাল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট
    পদসংখ্যা: নির্ধারিত নয়

    শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
    অন্যান্য যোগ্যতা: ইনস্ট্রাকশনাল ডিজাইন, ফ্যাসিলিটেশন বা ই-লার্নিং ডেভেলপমেন্টে অতিরিক্ত সার্টিফিকেশন থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
    অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ১২ বছর

    আরও পড়ুন: ৩৫ হাজার টাকা বেতনে ব্যুরো বাংলাদেশে চাকরি, বৈশাখী ভাতাসহ

    চাকরির ধরন: ফুলটাইম
    কর্মক্ষেত্র: অফিসে
    প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
    বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

    কর্মস্থল: যেকোনো জায়গায়
    বেতন: আলোচনা সাপেক্ষে

    অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/মেডিকেল বিমা, বছরে ২টি উৎসব বোনাস।

    আবেদনের শেষ সময়: ২৪ মে ২০২৬

  • শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি কবে থেকে শুরু, কবে খুলবে?

    শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি কবে থেকে শুরু, কবে খুলবে?

    আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সবস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি কার্যকর হবে ২৪ মে (রোববার) থেকে। কিন্তু তার আগে ২২ মে (শুক্রবার) এবং ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। অর্থাৎ, ২২ মে থেকেই কার্যত শিক্ষার্থীরা ছুটির আমেজে প্রবেশ করবে।

    কবে খুলবে কোন প্রতিষ্ঠান?
    ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রোববার)। অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরিতে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে।

    অন্যদিকে, দেশের সব মাদ্রাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ছুটি কিছুটা দীর্ঘ। মাদ্রাসার ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে মাদ্রাসার ক্লাস পুনরায় শুরু হবে ১৪ জুন। অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের (সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিন) বড় ছুটি পাচ্ছে।

    পরবর্তী বড় ছুটি কবে?
    জুন মাসে স্কুল-মাদ্রাসা খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। এরপর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষেও ছুটি রয়েছে।

    মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা এবং গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের অবকাশ যাপনের জন্য সমন্বয় করে শিক্ষাপঞ্জিতে প্রতি বছরই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, উঠবে ১৬ প্রকল্প

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, উঠবে ১৬ প্রকল্প

    চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক বৈঠক চলছে।

    বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

    বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়।

    জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩৩ পর্যন্ত বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য নেয়া এই উদ্যোগ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিরও অন্যতম।

     

    বুধবার প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন, ছয়টি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।