একাদশ শ্রেণিতে ভর্তি, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল পুনর্মূল্যায়ন এবং শ্রেণি কার্যক্রম শুরুসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ও শ্রেণি কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা করা হয়।
সভা সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনেকাংশে আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। তবে নীতিমালায় এক থেকে দুইটি বিষয়ে পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানসহ অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি এবং একাদশের শ্রেণি কার্যক্রম শুরুর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
এ ছাড়া আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা আয়োজন এবং এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৭ শুরুর বিষয়েও আলোচনা করা হয়।
তবে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় ঠিক কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে পারে এবং ভর্তির সুনির্দিষ্ট সময়সূচি কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে সভায় চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।

Leave a Reply