কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি? আলোচনায় যাদের নাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এ অবস্থায় দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। তাঁদের শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং কর্মজীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিএনপির বিভিন্ন সূত্রের দাবি, আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মানবাধিকারকর্মী আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

তবে দলীয় সূত্রগুলো বলছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তিন নেতা—বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান।

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলছে, অরাজনৈতিক ব্যক্তির পরিবর্তে দলীয় নেতাদের মধ্য থেকেই রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচনে শুধু রাজনৈতিক বিবেচনাই নয়, সাংবিধানিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক ভারসাম্য এবং ব্যক্তিগত ভাবমূর্তির বিষয়ও গুরুত্ব পাচ্ছে। এমন একজনকে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যিনি অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং বিতর্কের ঊর্ধ্বে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *