‘মেসির পেছনে সময় নষ্ট করা অর্থহীন’ বলা আলজেরিয়া কোচ ম্যাচ শেষে যা বললেন

লিওনেল মেসিকে ম্যান-মার্কিং বা আটকানোর জন্য আলাদা কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা নেই বলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে মন্তব্য করেছিলেন আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ। তিনি বলেছিলেন, আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য ছক কষি না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে আলজেরিয়া। একাই তিন গোল করে রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন মেসি। হারের পর মেসির প্রশংসা করলেও আলজেরিয়ার কোচের আক্ষেপ, তাদের নিজেদের ভুলেই মেসির কাজটা সহজ হয়ে গিয়েছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেটকোভিচ বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, ফলে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা মেসির আছে, তা দিয়ে তিনি যে কোনো কঠিন কাজকে খুব সহজে রূপ দিতে পারেন।’

নিজের খেলোয়াড়দের দুর্বলতা নিয়ে পেটকোভিচ বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। তবে আমি মনে করি আর্জেন্টিনার খেলোয়াড়দের অবলীলায় শট নেওয়ার সুযোগ দিয়ে আমরা বেশ কিছু বড় ভুল করেছি। এই হারের জন্য আমরা নিজেদেরই দায় দিতে পারি, তবে এখন আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

পুরো দল মেসির জন্য খেলে জানিয়ে আলজেরিয়া কোচ আরও বলেন, ‘মেসি এমন একটা বাড়তি সুবিধা পান যেখানে পুরো আর্জেন্টিনা দল তার জন্য জানপ্রাণ দিয়ে খেলে এবং তাকে সাহায্য করে। বছরের পর বছর, বা বলা ভালো কয়েক দশক ধরে তিনি অবিশ্বাস্য সব কীর্তি গড়ে চলেছেন। আজ আর্জেন্টিনা মোট ১০টি শট নিয়েছিল, যার মধ্যে ৭টিই ছিল মেসির।’

প্রসঙ্গত, বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আলজেরিয়ার পরের ম্যাচ জর্ডানের বিপক্ষে ২২ জুন। এরপর ২৮ জুন তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *