আ.লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে দলের শীর্ষ নেতারা লাখ লাখ নেতাকর্মীকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই দলের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।’

তিনি অভিযোগ করে বলেন, দেশের সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু প্রভাবশালী ব্যক্তি বিদেশে চিকিৎসা নেন এবং তাদের সন্তানদের বিদেশে পড়াশোনা করান। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বের হয়ে এসে দেশকে পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক।

তিনি আরও বলেন, ‘আমরা বেকারমুক্ত বাংলাদেশ চাই। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। সরকারি ও বেসরকারি খাতে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এসএমই খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী বাজেটে যুববান্ধব পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে হবে।’

দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হতে না হয়।’

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য পদোন্নতির আশায় বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করে। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। অতীতের মতো এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে মানুষকে গ্রেফতার হতে হচ্ছে, যা কাম্য নয়।’

চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি মাদকবিরোধী কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে বলেন, ‘মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তারা যুব সমাজকে ধ্বংস করছে। পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে কোনো ধরনের যোগসাজশ থাকা চলবে না। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।’

জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় পথ সভায় আরও বক্তব্য রাখেন: জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মো. হানিফ পাটোয়ারী ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *