কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কপাল পুড়েছিল ব্রাজিলের। এরপর প্রথমবারের মতো মুখোমুখি দুই দল, যদিও এবার উপলক্ষ নিতান্তই প্রীতি ম্যাচ। ফ্রান্সের কাছে আগের ম্যাচে হেরে যাওয়া ব্রাজিল এবার ৪ মিনিটের জাদুতে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রস্তুতি সারল।
বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লভ্র মায়েরের গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে ৪ মিনিটে ইগর থিয়াগোর পেনাল্টি থেকে করা গোল ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
মার্চের আন্তর্জাতিক উইন্ডো জয় দিয়েই শেষ করল কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছিল ভিনিসিউস জুনিয়ররা।
এদিন বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ৪৫ শতাংশ বল পজেশন রেখে ১১টি শট নিয়েছে সেলেসাওরা, যার ৭টিই লক্ষ্যে ছিল। অন্যদিকে ক্রোয়েশিয়ার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল।
গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পথেই ছিল। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো। তবে এই গোলে বড় অবদান ভিনিসিউস জুনিয়রের।
নিজেদের রক্ষণভাগ থেকে ক্লিয়ার হওয়া বল বাঁ প্রান্তে পান ভিনিসিউস। গতিশীল দৌড়ে সঙ্গে থাকা মার্কারকে ছিটকে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ড্রিবলিং করে ক্রোয়েশিয়ার তিন খেলোয়াড়কে পরাস্ত করে পাস বাড়ান। পেছন থেকে দৌড়ে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে জালে জড়ান দানিলো।
Vinicius getting rid of three defenders to assist Brazil first goal against Croatia pic.twitter.com/JczMVANdOf
— Real Madrid Info ³⁶ (@RMadridInfo) April 1, 2026
ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ থাকার পর আজ ম্যাচজুড়েই ক্রোয়াট রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন ভিনি। তবে ৬৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি।
দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে গোল করে বসেন মায়ের। ম্যাচ তখন ড্র হবে বলেই মনে হচ্ছিল।
কিন্তু নাটকের শুরু তখনই। ৮৮ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে গোল করেন থিয়াগো। আর ৯২ মিনিটে ক্রোয়াটদের কফিনে শেষ পেরেক ঠোকেন মার্তিনেল্লি।

Leave a Reply