প্রক্রিয়া শুরু, যেভাবে ভোটের নিবন্ধন করবেন প্রবাসীরা

এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসী। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট গ্রহণ করা হবে। এর জন্য প্রবাসীদের নিবন্ধন করতে হবে। ইতোমধ্যে নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উন্মুক্ত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করার পর নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়। আগ্রহী ব্যক্তিরা ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল স্টোর’-এ গিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। মোট সাতটি ধাপে আগ্রহীরা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১৯ নভেম্বর) থেকে নিবন্ধন শুরু হচ্ছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অঞ্চলের দেশগুলোর প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাবেন।

এছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

কীভাবে নিবন্ধন করবেন

উদ্বোধনী অনুষ্ঠানে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং নিয়ে প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের ব্যক্তিদের প্রসঙ্গ টেনে অ্যাপের বিভিন্ন দিক তুলে ধরেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।

নিবন্ধনের বিভিন্ন ধাপ তুলে ধরে তিনি বলেন, প্রবাসীরা যে ঠিকানায় আছেন সে ঠিকানায় নিবন্ধন করতে হবে। প্রবাসের ব্যবহৃত নম্বরটি ‘ইউজার নেম’ হবে। বাংলাদেশে বসে নিবন্ধনের সুযোগ থাকবে না। অন্যখানে (এক দেশে) বসে অন্য দেশের নামে নিবন্ধনের সুযোগ নেই। সাইবার নিরাপত্তা নিশ্চিতে একটা ব্যবস্থাও থাকছে। ইসি, প্রকল্প, সরকার ও আন্তর্জাতিক নানা সংস্থার সমন্বয়ে এ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

নিবন্ধনের ধাপগুলো তুলে ধরে প্রকল্পের টিম লিডার বলেন, অ্যাপ ডাউনলোড করে ভাষা নির্বাচন করে নির্দেশনা থাকবে। কয়েকটি ধাপ রয়েছে। ‘হেল্পলাইন’ রয়েছে। থাকবে ভিডিও টিউটোরিয়াল, তা সংশ্লিষ্টদের গাইড করে নিয়ে যাবে। ১০টি ধাপ দেখালেও সহজভাবে নিবন্ধন ও তালিকাভুক্ত হতে পারবেন।

এই কর্মকর্তা বলেন, নিবন্ধন করতে কখনো কখনো ৫-১০ মিনিটও যেতে পারে। আমরা অনুমোদন করে দেব। প্রবাসে নিবন্ধন করে দেশে এসে ভোট দেওয়া যাবে না। প্রাথমিকভাবে ১৪৩টি দেশের মধ্যে প্রতিটি অঞ্চলকে পাঁচ দিন করে সময় দেওয়া হয়েছে। ৪০ দিনব্যাপী নিবন্ধন প্রক্রিয়া হবে। নিবন্ধিত হলে প্রবাসী বাংলাদেশি ভোটার তালিকা ছাপা হবে।

দেশে ও প্রবাসে ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ টাইম ১২টা ১ মিনিটে নিবন্ধন শুরু হয়ে শেষ হবে পঞ্চম দিনে ১১টা ৫৯ মিনিটে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মধ্য এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকায় অবস্থানরত প্রবাসীরা ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

উত্তর আমেরিকা ও ওশেনিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। ইউরোপে অবস্থানরত প্রবাসীরা নিবন্ধনের জন্য ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন।

দক্ষিণ এশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া তালিকায় নাম নেই, এমন দেশের প্রবাসী বাংলাদেশিরা ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। যেসব প্রবাসী বাংলাদেশি নির্দিষ্ট সময়ে নিবন্ধন করতে পারবেন না, তারাও এ সময় নিবন্ধন করতে পারবেন। সব মিলিয়ে ৪০ দিনে ১৪৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *